সাভারে পাঁচতলা থেকে পড়ে একজনের মৃত্যু
র্যাব গতকাল সন্ধ্যায় আশুলিয়ার গাজীরচট এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় পাঁচতলা থেকে পড়ে আবদুর রহমান ওরফে নাজমুল হক নামে এক ব্যক্তি মারা গেছেন।
র্যাব বলছে, আবদুর রহমান জঙ্গিদের অর্থদাতা। র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি বারান্দার গ্রিল কেটে পাঁচতলা থেকে নিচে লাফিয়ে পড়েন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। র্যাব আবদুর রহমানের স্ত্রী, তাঁর দুই ছেলে ও এক কন্যাশিশুকে আটক করেছে। ওই বাসা থেকে ৩০ লাখ টাকা, একটি পিস্তল, মুঠোফোন জ্যামার, অস্ত্র বানানোর নকশা, বিপুল পরিমাণ জিহাদি বই ও ছুরি উদ্ধার করেছে।
ঘটনাস্থলে সংবাদ ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ বলেন, আবদুর রহমান প্রতিটি জঙ্গি হামলায় অর্থের জোগান দিয়ে আসছিলেন। তিনি ছয় মাস আগে বাসা ভাড়া নেন। তখন বাড়ির মালিককে তিনি ওষুধ বিক্রয় প্রতিনিধি বলে জানিয়েছিলেন।