সাভারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

সাভারে পানিতে ডুবে জোনায়েদ ইসলাম (৫) নামের একটি শিশু মারা গেছে। আজ রোববার বেলা একটায় এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির চাচা রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, সাভারের বাড়ালিয়াপাড়া এলাকার বালুর মাঠে গোসল করতে গিয়েছিল জোনায়েদ। সাঁতার না জানা জোনায়েদ এ সময় পানিতে ডুবে যায়।

পরে তাকে সেখান থেকে উদ্ধার করে অচেতন অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর বেলা পৌনে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জোনায়েদকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
জোনায়েদের বাবার নাম আমিনুল ইসলাম। পেশায় তিনি গাড়িচালক।