সাভারে পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভার পৌর এলাকার দক্ষিণ দরিয়ারপুর মহল্লা থেকে ফিরোজ আল মামুন নামে এক ব্যক্তিকে পুলিশ পরিচয়ে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে দরিয়ারপুরের বাসা থেকেই পুলিশ পরিচয়ে ফিরোজকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফিরোজ আল মামুন জিএমজি গ্রুপের সামাহ রেজার ব্লেড নামে একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যবস্থাপক। তাঁর বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ইরতা গ্রামে।
ফিরোজ আল মামুনের স্ত্রী নাছিমা আক্তার বলেন, রোববার রাত সাড়ে তিনটার দিকে একটি মাইক্রোবাসে করে ১০-১২ জন লোক বাসায় আসে। পুলিশ পরিচয় দিয়ে তারা দরজায় কড়া নাড়ে। দরজা না খোলায় তারা সেটি ভাঙার চেষ্টা করে। একপর্যায়ে দরজা খুলে দিলে ভেতরে ঢুকে মামুনকে ঘরের বাইরে নিয়ে মাইক্রোবাসে তুলে দ্রুত চলে যায়। তিনি অভিযোগ করেন, সোমবার সকালে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ তা নেয়নি। পরে গণমাধ্যমকর্মীদের সহায়তায় জিডি করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদ আল মামুন বলেন, ফিরোজ আল মামুনকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। অভিযোগ না নেওয়ার ব্যাপারে তিনি বলেন, এ অভিযোগ সত্য নয়, পরিবারের আগ্রহেই জিডি করা হয়েছে।