পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ফাঁড়ি ঘেরাও করে রেখেছেন সাভারের আমিনবাজার এলাকার ব্যবসায়ীরা। একই অভিযোগে তাঁরা সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলছেন, আমিনবাজার ফাঁড়ির কয়েকজন পুলিশ সদস্য নিয়মিত ব্যবসায়ীদের থেকে জোর করে মাছ, মাংস ও শাকসবজি নিয়ে যান। আজ সকালে সহকারী উপপরিদর্শক (এএসআই) লুত্ফর রহমান কামাল হোসেন নামের একজন ব্যবসায়ীর কাছ থেকে এক হাজার টাকার মাছ জোর করে নিয়ে যেতে চান। প্রতিবাদ করলে লুত্ফর ওই ব্যবসায়ীকে মারধর শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে এলাকার লোকজন ও অন্যান্য ব্যবসায়ী ওই সড়ক অবরোধ করে রাখেন। পরে ঘটনাস্থলে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মশিউদ্দৌলা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল উপস্থিত হয়ে অভিযোগ ওঠা পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর তাঁরা ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এখন ফাঁড়িটি এলাকা থেকে প্রত্যাহারের দাবি তুলেছেন। এ মুহূর্তে তাঁরা ফাঁড়িটি ঘেরাও করে রেখেছেন।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ব্যবসায়ীদের মাদক ব্যবসায় ও আমিনবাজারের ছয় ছাত্র হত্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে চাঁদাবাজি করে থাকেন। এর আগে চাঁদা না পেয়ে একজন ব্যবসায়ীকে তুলে এনে হত্যার অভিযোগ উঠেছিল সাভারের পুলিশের বিরুদ্ধে। ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সাদা পোশাকে দায়িত্ব পালন না করার নির্দেশ দেন। কিন্তু সে নির্দেশ উপেক্ষা করে নিয়মিত পুলিশ চাঁদাবাজি করছে বলে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ।
সপ্তাহ খানেক আগে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ায় অপেক্ষমাণ বাস থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। পুলিশের এসব সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।