ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকা থেকে খোয়া যাওয়া পুলিশের একটি রিভলবার ও দুটি ওয়্যারলেস সেট গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উদ্ধার হয়নি। এ ঘটনা তদন্তে গত বুধবার একটি কমিটি গঠন করা হয়েছে।পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ চলাকালে গত শনিবার বেলা ১১টার দিকে শ্রমিকেরা জামগড়া এলাকার এনভয় গ্রুপের সামনের আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেন। ঘটনাস্থলে উপস্থিত ঢাকার পুলিশ সুপার ইকবাল বাহার, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ও উপপরিদর্শক শাহীন পারভেজসহ কয়েকজন পুলিশ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় শ্রমিকেরা পুলিশ সুপার, ওসি ও এসআইয়ের ওপর হামলা চালান।পুলিশ সুপারের দেহরক্ষী রুহুল আমিন এগিয়ে গেলে শ্রমিকেরা তাঁকে মারধর করে তাঁর কাছে থাকা ১৬টি গুলিভর্তি দুটি ম্যাগাজিনসহ একটি পিস্তল ছিনিয়ে নেন। এ ছাড়া শ্রমিকেরা শাহীন পারভেজের কাছ থেকে ওয়্যারলেস সেটটিও নিয়ে নেন। পরে ক্ষুব্ধ শ্রমিকেরা অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হকের সরকারি গাড়ি ভাঙচুর করেন এবং ওই গাড়িতে থাকা তাঁর ওয়্যারলেস সেটটিও নিয়ে যান।এ ঘটনায় বুধবার রাতে সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক আজিজুর রহমান, আশুলিয়া থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম, উপপরিদর্শক শাহীন পারভেজ ও সহকারী উপপরিদর্শক ইলিয়াস খান।