সাভারে পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীদের তাণ্ডব, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারের ব্যাংক টাউন এলাকায় গতকাল শনিবার দুপুরে জমি দখলকে কেন্দ্র করে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। তারা পুলিশের উপস্থিতিতে গুলি ছুড়তে ছুড়তে জমির মালিকের বাসায় ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় ভাঙচুর করা হয় জিনিসপত্র। সন্ত্রাসীদের হামলায় জমির মালিক শাহাদত হোসেন লস্করের ছেলে শফিকুল ইসলাম, জুয়েল, পুত্রবধূ জেসমিন ও স্ত্রী হাফিজা বেগম আহত হন। তবে কেউ গুলিবিদ্ধ হননি।এ ব্যাপারে শাহাদত হোসেন বাদী হয়ে সাভার পৌর যুবলীগের আহ্বায়ক আবদুল আজিজ ও ছাত্রলীগের কর্মী কামরুল এবং সন্ত্রাসী কামাল, আবু তাহের, জনসহ আরও কয়েকজনকে আসামি করে গতকাল সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শাহাদত হোসেন জানান, ১৯৭৬ সালে তিনি ব্যাংক টাউন এলাকায় ৪৫ শতক জমি ক্রয় করেন। অর্থের অভাবে ওই জমিতে কোনো স্থাপনা নির্মাণ করতে না পারলেও জমিটি তাঁর দখলেই রয়েছে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে ওই জমির পাশেই একটি বাড়িতে ভাড়া থাকেন। গতকাল ওই জমি দখল করতে গিয়েই তাঁদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। শফিকুল ইসলাম জানান, গতকাল সকাল ১০টার দিকে তাঁর ছোট ভাই সালাউদ্দিন আহাম্মেদ ও সালাউদ্দিনের স্ত্রী জেসমিন তাঁদের দুই বছরের শিশুকন্যা মোর্শেদাকে নিয়ে বাসার সামনে পায়চারি করছিলেন। এ সময় অন্তত ২০টি মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা এসে জেসমিনের কোল থেকে মোর্শেদাকে ছিনিয়ে নেয়। তাঁদের চিৎকারে স্বজনেরা গিয়ে সন্ত্রাসীদের কবল থেকে মোর্শেদাকে উদ্ধার করে বাসার ভেতরে আশ্রয় নেন। এরপর সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে বাসার ভেতরে ঢুকে তাঁদের মারধর করতে থাকে। একপর্যায়ে সন্ত্রাসীরা বাসার জিনিসপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা ঘর থেকে বের হয়। এ সময় আবু তাহের নামের এক সন্ত্রাসীকে ঘরের ভেতরে আটকে রেখে দরজা বন্ধ করে তাঁরা চিৎকার করতে থাকেন। আবু তাহেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতেই জানালা দিয়ে ঘরের ভেতরে গুলি চালাতে থাকে। এ অবস্থায় আক্রান্ত পরিবারটির পক্ষ থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হয়। বেলা দুইটার দিকে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ আবু তাহেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।স্থানীয় লোকজন জানান, কয়েক মাস ধরে ব্যাংক টাউন এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের জমি দখল চলছে। কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। ঘটনাস্থলে উপস্থিত সাভার থানার উপপরিদর্শক (এসআই) সফিউল আলম পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীদের গুলি করার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি তিনটি গুলির খোসা উদ্ধার করেছেন বলেও জানান। সফিউল জানান, হামলাকারীরা এতটাই বেপরোয়া ছিল যে পুলিশের পক্ষে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়েছি। মামলা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’