সাভারে পুলিশের বিরুদ্ধে কিশোরী ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের সবুজবাগ এলাকার হিজড়াপট্টিতে এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে আটক করেছে ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে সাভার থানার পুলিশ ওই কনস্টেবলকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া কনস্টেবল শহীদুল আলমের কর্মস্থল ঢাকার নবাবগঞ্জ থানায়। তাঁর দ্বিতীয় স্ত্রী হিজড়াপট্টিতে থেকে পোশাক কারখানায় চাকরি করেন। সেই সুবাদে মাঝেমধ্যে সাভারে আসতেন। এ ঘটনায় কনস্টেবল শহীদুল আলমকে আসামি করে সাভার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ঢাকার পুলিশ সুপারের নির্দেশে শহীদুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।হিজড়াপট্টির বাসিন্দারা জানান, ধর্ষণের শিকার মেয়েটির বাবা-মা আছেন কি না জানেন না। প্রায় এক যুগ আগে দুই মাস বয়সী অবস্থায় মেয়েটিকে তাঁরা মিরপুর ১ নম্বর সেকশনে হযরত শাহ আলী (র.) মাজার শরিফে পান। এর পর থেকে তাঁরা সবাই বাবা-মায়ের স্নেহ দিয়ে মেয়েটিকে লালন-পালন করছেন। বর্তমানে মেয়েটি স্থানীয় এক মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ে। নির্যাতিত মেয়েটি সাংবাদিকদের জানায়, গত ২৪ বা ২৫ জুন তাদের প্রতিবেশী কনস্টেবল শহীদুল আলম তাকে পোলাও-বিরিয়ানি খাওয়ানোর কথা বলে তাঁর ঘরে নিয়ে যান। ওই সময় ঘরে তাঁর দ্বিতীয় স্ত্রী ছিলেন না। ঘরে নেওয়ার কিছুক্ষণ পর কনস্টেবল শহীদুল ভিসিডির সাহায্যে টেলিভিশনে নীল ছবি ছেড়ে তাকে দেখতে বলেন। সে ওই ছবি দেখে ভয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে শহীদুল ঘরের দরজা বন্ধ করে দেন। এরপর তাকে ধর্ষণ করেন। কিন্তু শহীদুল পুলিশ হওয়ায় ভয়ে বিষয়টি কারও কাছে প্রকাশ করেনি মেয়েটি।হিজড়াপট্টির কাজুলী, সুমি, একাসহ আরও অনেকে জানান, ধর্ষণের ঘটনার পর থেকে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। গতকাল বুধবার সকালে মেয়েটির অবস্থার অবনতি ঘটলে তাঁরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। এ সময় মেয়েটি তাদের কাছে ধর্ষণের ঘটনা প্রকাশ করে।এলাকাবাসী জানান, ধর্ষণের ঘটনাটি এলাকায় প্রচারিত হলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা বিকেল চারটার দিকে শহীদুলকে তাঁর ঘর থেকে আটক করে। শত শত বাসিন্দা এলাকায় বিক্ষোভ করে শহীদুলের ফাঁসি দাবি করেন।খবর পেয়ে সাভার থানার পুলিশ ছয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে শহীদুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। নির্যাতিত কিশোরীকে ভর্তি করা হয় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। কনস্টেবল শহীদুল ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি স্বীকার করেন, গত ২৪ জুন তিনি মেয়েটিকে টেলিভিশন দেখানোর জন্য তাঁর বাসায় ডেকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ধর্ষণ করেননি বলে দাবি করেন।এদিকে মেয়েটি ধর্ষণের শিকার হওয়ার কথা বললেও সাভার থানার পুলিশ বলছে ভিন্ন কথা। থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, মেয়েটি পুলিশ ও চিকিৎসকের কাছে দেওয়া জবানবন্দিতে বলেছে, কনস্টেবল শহীদুল তাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন।