সাভারে পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার
সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে।সাভার থানার পুলিশ জানায়, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চলে। এসব অভিযানে পুলিশের ১৬টি দলে অন্তত ৩০০ সদস্য অংশ নেন।অভিযানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক হাজার ৫০০ বোতল ফেনসিডিল, ৩০০ গ্রাম হেরোইন, ১০০ ইয়াবা বড়ি, এক কেজি গাঁজাসহ কয়েক লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।এদিকে গ্রেপ্তারকৃতদের অনেকেই দাবি করেন, পুলিশ আসল মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার না করে তাঁদের গ্রেপ্তার করেছে। তাঁরা মাদক সেবন করলেও মাদকের ব্যবসা করেন না।এদিকে গতকাল রাত নয়টার দিকে সাভার থানা হাজতে গিয়ে ৪০ জনকে আটক অবস্থায় পাওয়া গেছে। তাঁদের প্রত্যেককেই গতকাল ধরা হয়েছে। সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন প্রথম আলোকে বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।হাজতে আটক থাকা অন্যদের ব্যাপারে জানতে চাইলে আবুল হোসেন বলেন, বিভিন্ন মামলায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাঁরা সংখ্যায় কতজন, তা নিশ্চিত করে বলা মুশকিল।