সাভারে পুলিশের লাঠিপেটায় অর্ধশত শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের দক্ষিণ দরিয়াপুর এলাকায় গতকাল শনিবার জে কে ফেব্রিকস নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচিতে ব্যাপক লাঠিপেটা করেছে পুলিশ। এতে অন্তত ৫০ জন শ্রমিক আহত হয়েছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় কারখানার সেলাই (সুইং) বিভাগের দুজন শ্রমিকের সঙ্গে অশোভন আচরণ করেন কর্মকর্তারা। এর প্রতিবাদে শ্রমিকেরা ওই কর্মকর্তাদের বিচার দাবি করেন। এ নিয়ে উত্তেজনা বাড়লে ওই দিন কারখানা বন্ধ ঘোষণা করা হয়। শুক্রবার কারখানা বন্ধ থাকার পর গতকাল শনিবার কারখানা খোলে। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কারখানার মূল ফটকে ৬০ জন শ্রমিকের সাময়িক বরখাস্তের নোটিশ দেখতে পান। উত্তেজিত হয়ে তাঁরা কারখানার ভেতরে ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দেন। পরে শ্রমিকেরা পাশের কাতলাপুর মসজিদ মাঠে অবস্থান নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে শ্রমিকেরা কাতলাপুর মসজিদ মাঠে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালসহ সাত দফা দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। সমাবেশ শেষে শ্রমিকেরা উলাইল এলাকায় গিয়ে মানববন্ধন করতে চাইলে সন্ত্রাসীরা হকিস্টিক, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ধাওয়া করে। এ সময় পুলিশ শ্রমিকদের লাঠিপেটা করে। পরে শ্রমিক-পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। লাঠিপেটায় আহত হন অর্ধশত শ্রমিক।