ঢাকার সাভারের আনন্দপুর মহল্লায় গতকাল মঙ্গলবার শাজাহান স্বপন নামের এক পোশাক কারখানার কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছেন শ্রমিকেরা। পারিশ্রমিক বাড়ানোর বিষয় নিয়ে শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
একই দিন নরসিংদীর শিবপুর উপজেলায় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাইফুল ইসলাম খান নামের এক যুবককে হত্যা করেছে।
সাভারে নিহত শাজাহান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি গেন্ডা এলাকার ডায়নামিক সোয়েটার নামের একটি পোশাক কারখানায় নমুনা তত্ত্বাবধায়ক ছিলেন। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করেন তাঁর স্ত্রী।
পারিশ্রমিক বাড়ানোর দাবিতে কারখানার প্রায় চার হাজার শ্রমিক গত রোববার কর্মবিরতি পালন করেন। গত সোমবার সকালে তাঁরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় কারখানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে সুমন আহামেদ নামের এক কর্মকর্তাসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হন। ওই ঘটনায় মালিকপক্ষের হয়ে সুমন সাভার থানায় ৩৪ জন শ্রমিককে আসামি করে মামলা দায়ের করেন৷ এ ছাড়া, কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে৷
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শ্রমিকেরা গতকাল সকালে আনন্দপুর মহল্লায় বালুর মাঠে জড়ো হন। সকাল সাড়ে আটটার দিকে তাঁরা মুঠোফোনে কৌশলে বাসা থেকে ডেকে এনে শাজাহানকে পিটিয়ে হত্যা করেন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকেরা গতকাল সকালে বালুর মাঠে অবস্থান নেন। তবে তাঁরা কাউকে হত্যা করবেন, এমন কোনো খবর আমাদের কাছে ছিল না। আগের ক্ষোভ থেকে হাতের কাছে পেয়ে শ্রমিকেরা শাজাহানকে পেটান। এ সময় ইটের আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
নরসিংদীর শিবপুর উপজেলায় খুন হওয়া সাইফুল (৩০) একই উপজেলার পুবেরগাঁও গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত সোমবার উপজেলার রবিদাসপাড়ার কুসুমী রানী দাসের বাড়িতে মদ খেতে যান সাইফুল ও তাঁর বন্ধু রিপন মিয়া। মদ না দেওয়ায় তাঁরা কুসুমী রানীর বাড়ির আসবাব ভাঙচুর করেন। ওই সময় স্থানীয় লোকজন ধাওয়া করলে তাঁরা চলে আসেন। এ ঘটনার জের ধরে গতকাল সকালে দেশীয় অস্ত্র নিয়ে সাইফুল তাঁর কয়েকজন সহযোগী রবি দাসপাড়ায় গিয়ে দুজনকে কুপিয়ে জখম করেন। এ সময় স্থানীয় লোকজন একত্র হয়ে পাল্টা তাঁদের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই সাইফুল মারা যান।
শিবপুর থানার ওসি খন্দকার মিজানুর রহমান বলেন, সাইফুলের কাছে মদ বিক্রি না করায় তিনি রবিদাসপাড়ার দুজনকে কুপিয়ে আহত করেছেন। এ ঘটনার জের ধরে ওই এলাকার লোকজন তাঁকে কুপিয়ে হত্যা করতে পারেন।