সাভারে পোশাক কারখানা মালিকের গাড়ি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের সিঅ্যান্ডবি এলাকা থেকে গত শুক্রবার রাতে একটি পোশাক কারখানার মালিকের ব্যক্তিগত গাড়ি ছিনতাই হয়েছে। ছিনতাইকারীদের মারধরে আহত হয়েছেন কারখানাটির মালিক।সাভার থানার পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, রাজধানীর তুরাগ থানার আলেয়া সোয়েটার নামের একটি পোশাক কারখানার মালিক মো. ইউসুফ ফেরদৌস শুক্রবার সন্ধ্যায় পারিবারিক কাজে ব্যক্তিগত গাড়িতে (ঢাকা-মেট্রো-গ-২৩-৬৩৯১) সাভার আসেন। সেখান থেকে ফেরার পথে রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সাভারের সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কে ঢোকার পর তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় চালক জামাল হোসেন গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে গেলেও ছিনতাইকারীদের হাতে আটক হন ইউসুফ ফেরদৌস। ছিনতাইকারীরা তাঁকেসহ গাড়িটি নিয়ে যায়। ভোর রাতে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। ইউসুফ ফেরদৌস জানান, ছিনতাইকারীরা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে গাড়িটির গতিরোধ করে। এরপর তারা তাঁকে গাড়িতে তুলে মুখে গামছা ঠেসে দিয়ে হাত বেঁধে ফেলে। এরপর তাঁরা টাকা বের করে দিতে বলে। তাঁর কাছে টাকা নেই বলার সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা তাঁকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। রাতভর আটকে রেখে ওই গাড়ি দিয়ে বিভিন্ন স্থানে ডাকাতির চেষ্টা করে। কিন্তু কোনো ডাকাতি করতে না পেরে ভোর সাড়ে চারটার দিকে তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় আশুলিয়ার আউখপাড়া এলাকার একটি সবজিখেতে ফেলে রেখে গাড়ি নিয়ে পালিয়ে যায়। ডাকাতেরা তাঁর কাছে থাকা একটি দামি মুঠোফোন সেটও নিয়ে যায়। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়ি উদ্ধারসহ ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।