সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ কারখানা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায্য পারিশ্রমিকের দাবিতে গতকাল শনিবার ঢাকার সাভারের কলমা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও কারখানায় ভাঙচুর করেছেন।সাভার থানার পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার কলমা এলাকার তিতাস পোশাক কারখানার শ্রমিকদের বেতন দেওয়া হয়। কিন্তু শ্রমিকেরা অভিযোগ করেন, তাঁদের প্রাপ্য পারিশ্রমিক থেকে কম দেওয়া হয়েছে। এর প্রতিবাদে তাঁরা ওই দিন বিক্ষোভ করলে কর্তৃপক্ষ শনিবার অবশিষ্ট পারিশ্রমিক পরিশোধের আশ্বাস দেয়। গতকাল শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে অবশিষ্ট পারিশ্রমিকের দাবি জানালে কর্তৃপক্ষ নানা অজুহাতে টালবাহানা করতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে শ্রমিকেরা কারখানার ভেতরে ভাঙচুর চালান। পরে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে সামনের সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর শ্রমিকেরা বাড়ি চলে যান।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা নিশ্চিত করেছেন।