সাভারে পোশাকশ্রমিককে পিটিয়ে পুলিশে সোপর্দ
ঢাকার সাভারে গত রোববার ভোরে কাজ শেষে বাড়ি ফেরার পথে একজন পোশাকশ্রমিককে মারধর ও ছিনতাইয়ের পর পুলিশে সোপর্দ করেন স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা।রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলার সময় যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার অভিযোগে দ্রুত বিচার আইনে করা মামলায় পোশাকশ্রমিক আলমগীর হোসেনসহ (১৮) পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গতকাল সোমবার তাঁদের আদালতে পাঠানো হয়।আলমগীর সাভারের রাজফুলবাড়িয়ার আরএমএম সোয়েটার কারখানার শ্রমিক ও হেমায়েতপুরের শাপলা হাউজিংয়ের বাসিন্দা আবদুল মান্নানের ছেলে। আলমগীরের বড় ভাই শাহ আলম বলেন, শনিবার দিবাগত রাতের পালার কাজ শেষ করে রোববার ভোর সাড়ে ছয়টার দিকে বাড়ি ফিরছিলেন আলমগীর। পথে জোরপোল এলাকা থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আলমগীরকে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করেন। আলমগীর রোববার ভোর ছয়টা পর্যন্ত আরএমএম সোয়েটার কারখানায় কাজ করেছেন বলে কারখানার একজন কর্মকর্তা নিশ্চিত করেন। গতকাল সোমবার আদালতে পাঠানোর আগে আলমগীর প্রথম আলোর কাছে অভিযোগ করেন, রোববার ভোরে হেঁটে বাড়ি যাওয়ার সময় আওয়ামী লীগের নেতা জসিম তাঁকে আটক করে তাঁর কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। এরপর মারধর করে তাঁকে পুলিশের হাতে তুলে দেন।সাভার থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বলেন, ‘রোববার ভোরে জোরপোল এলাকায় গাড়ি ভাঙচুরের সময় লোকজন আলমগীরকে আটক করে আমাদের কাছে সোপর্দ করে।’