সাভারে প্রতিবন্ধীর হাত ভেঙে দিলেন ছাত্রলীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার উপজেলা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে শামীম হোসেন ফকির (২৫) নামের এক প্রতিবন্ধী যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। রডের আঘাতে তাঁর বাম হাত ভেঙে গেছে। আর মাথার আঘাত পাওয়ার কারণে তাঁর জ্ঞান ফিরছে না। অজ্ঞান অবস্থায় তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিত্সাধীন। 

শামীম ঢাকার ধামরাই উপজেলার ফোর্ডনগর গ্রামের ফারুক হোসেন ফকিরের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী। ঘটনার পর আজ বৃহস্পতিবার তাঁর মা বিউটি হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।

সাভার মডেল থানায় আজ দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, গত মঙ্গলবার রাত নয়টার দিকে শামীম সাভার বাজার সড়কের একটি দোকানে মুঠোফোনে টাকা ভরতে যান। এ সময় আগে মুঠোফোনে টাকা ভরা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সাভার ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম ওরফে ফয়সাল এবং যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ওরফে জনি রড দিয়ে পিটিয়ে শামীমকে গুরুতর আহত করেন। রডের আঘাতে তাঁর বাম হাত ভেঙে যায় এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। এ সময় শামীম অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের চিকিত্সক মো. আসাদুল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, আঘাতজনিত কারণে শামীমের মাথার ভেতরে রক্তক্ষরণ হয়েছে। এ কারণে তাঁর জ্ঞান ফিরছে না। এ ছাড়া আঘাতে তাঁর বাম হাতও ভেঙে গেছে।’

মো. আসাদুল্লাহ জানান, শামীমের অবস্থা আশঙ্কাজনক। এ কারণে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। তাঁর ভাগ্যে কী আছে, বলা যাচ্ছে না।

শামীমের মা বিউটি হোসেন জানান, তাঁর ছেলে প্রতিবন্ধী। জাহিদসহ কারও সঙ্গেই তাঁর শত্রুতা ছিল না। তুচ্ছ ঘটনার জের ধরে জাহিদুল ইসলাম ফয়সাল এবং কামরুল হাসান জনি তাঁকে নির্মমভাবে পিটিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন।

তবে জাহিদুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনার বিষয়ে আমার আর কামরুলের কোনো কিছুই জানা নেই। ঘটনার সময় আমরা সেখানে উপস্থিতও ছিলাম না। হেয়প্রতিপন্ন করার জন্যই উদ্দেশ্যমূলকভাবে আমাদের ফাঁসানো হয়েছে।’

মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বলেন, মুঠোফোনে টাকা ভরা নিয়ে বাগবিতণ্ডার জের ধরে জাহিদ ও কামরুল রাগের বশে শামীমকে পিটিয়ে গুরুতর আহত করেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।