সাভারে প্রবাসী খুন, আটক ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের টিয়াবাড়ী এলাকায় গতকাল শুক্রবার নিজ বাড়িতে খুন হয়েছেন শাহজাদা তোফায়েল আহমেদ নামের এক বেলজিয়ামপ্রবাসী। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের বোন শাহজাদী করিম সুলতানা (৪০), তাঁদের ভগ্নিপতি আকবর আলীসহ (৪৮) ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহজাদা তোফায়েল হকের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাহেরনগরে। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে বেলজিয়ামে থাকেন। বেলজিয়ামে থাকা অবস্থায় তিনি বোন শাহজাদী করিম সুলতানাকে দিয়ে সাভারে জমি কেনেন এবং সেখানে একটি বাড়ি নির্মাণ করেন। দেড় বছর আগে তিনি দেশে ফিরে আশুলিয়া এলাকার পারভীন আক্তার নামের এক মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন। তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই বাসার দোতলার একটি ফ্ল্যাটে থাকতেন। বোন করিম সুলতানা স্বামী মাহবুবুর রহমান ও তিন মেয়েকে নিয়ে পাশের ফ্ল্যাটে থাকেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, কয়েক দিন আগে পারভীন বাবার বাড়িতে চলে যান। গতকাল সকালে আকবর আলী তোফায়েলের লাশ হাত ও পা বাঁধা অবস্থায় ফ্ল্যাটের মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর পাঠান। সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সাভার থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান জানান, বেলজিয়ামে থাকা অবস্থায় তোফায়েল সাভারে বাড়ি করার জন্য বোন করিম সুলতানার কাছে টাকা পাঠান। ওই টাকা দিয়ে করিম সুলতানা ২০০৬ সালে টিয়াবাড়ি এলাকায় ভাইয়ের (তোফায়েল) মেয়ে মিতান হক ও তাঁর নামে সাত শতক জমি কেনেন। ওই জমিতে ২০০৮ সালে একটি বাড়ি নির্মাণ করা হয়। সম্প্রতি তোফায়েল তাঁর অংশের জমি ও ভবন বিক্রির সিদ্ধান্ত নিলে করিম সুলতানা ক্ষুব্ধ হন। এ কারণেই তিনি তোফায়েলকে হত্যার পরিকল্পনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ হেফাজতে করিম সুলতানা প্রথম আলোকে বলেন, ‘জমি ক্রয় ও বাড়ি নির্মাণের সময় আমিও টাকা দিয়েছি। কিন্তু ভাই তা মানতে নারাজ। এ নিয়ে দ্বন্দ্ব ছিল। তবে গতকাল কীভাবে ভাই খুন হয়েছেন তা আমি জানি না।’ তিনি দাবি করেন, ভাই সম্প্রতি তাঁর জমি ও ভবনের অংশ বিক্রির সিদ্ধান্ত নেন। এ কারণে অনেক অপরিচিত লোক তাঁর (তোফায়েল) ফ্ল্যাটে আসতেন। লোভের বশে কেউ তাঁকে মেরে ফেলতে পারে।