সাভারে প্রবাসীর বাড়িতে ডাকাতি
রাজধানীর উপকণ্ঠ সাভার পৌরসভার ভাটপাড়া এলাকার তাজুল ইসলাম প্রধানের বাসায় গতকাল রোববার ভোররাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বিপুল পরিমাণ স্বর্ণালংকার, ইউরো মুদ্রা ও নগদ টাকা লুটে করে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে। পারিবারিক কলহের জের ধরে এ ডাকাতি করানো হতে পারে বলে পুলিশের ধারণা।তাজুল ইসলাম জানান, ভোর চারটার দিকে ডাকাতেরা তাঁর বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢোকে। তারা বাড়ির কেঁচি গেট ভেঙে ঘরে ঢুকে আলমারিতে রাখা ৫০ ভরি স্বর্ণালংকার ও নয় হাজার ইউরো মুদ্রাসহ ৮০ হাজার টাকা লুট করে। এ সময় বাড়িতে তিনি, তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা এবং ছেলের বউ সুমি বেগম ছাড়া আর কেউ ছিলেন না।তাজুল ইসলামের ছেলে সোহেল প্রধান বলেন, তাঁর ছোট ভাই মাসুদ প্রধান গত বছরের ফেব্রুয়ারিতে স্থানীয় একটি মেয়েকে বিয়ে করেন। এর দুই মাস পর মাসুদ ইতালি চলে যান। গত ৩০ ডিসেম্বর তিনি দেশে ফিরলে স্ত্রী তাঁকে তালাক দেন। এ নিয়ে শনিবার সন্ধ্যায় গ্রাম্য সালিস বসে। সালিসে বিষয়টির মীমাংসা হলেও মেয়েপক্ষের কিছু যুবক তাঁদের দেখে নেওয়ার হুমকি দেয়। এর কয়েক ঘণ্টা পর সাভার থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম সরদার বাড়িতে এসে তাঁকে ও তাঁর ভাইকে গ্রেপ্তারের চেষ্টা করেন। কিন্তু তাঁরা দরজা না খোলায় ওই পুলিশ কর্মকর্তা চলে যান। পুলিশ চলে যাওয়ার পর তাঁরা দুই ভাই এক আত্মীয়র বাসায় পালিয়ে যান। এর পরই ডাকাতির ঘটনা ঘটে।এ ব্যাপারে সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন বলেন, নারী নির্যাতনের অভিযোগ পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। ওই বাড়িতে ডাকাতির সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।