সাভারে প্রশিকার খামার দখল নিয়ে সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ১
ঢাকার সাভারের আশুলিয়া থানার বাইপাইল এলাকায় প্রশিকার একটি খামার দখলকে কেন্দ্র করে গতকাল বুধবার ভোরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় লুটপাট ও ভাঙচুর চলে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আশুলিয়া থানার পুলিশ ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে কাজী ফারুক সমর্থিত অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী বাইপাইলে অবস্থিত প্রশিকার সমন্বিত খামার কার্যালয়ে হামলা চালান। এ সময় তাঁরা আবাসিক ভবনে ঢুকে কর্মচারীদের মারধর করেন। পরে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে ঢুকে তাঁরা বিভিন্ন কক্ষের মালামাল ও কাগজপত্র তছনছ করতে থাকেন। এ সময় খামারের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে খামারের কর্মচারী নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, আবদুল হান্নান, মঈনুদ্দিন ও টিপুসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজমুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যান। নাজমুল একসময় ওই খামারেরই ব্যবস্থাপক ছিলেন। খামারের পরিচালক (অর্থ) আলতাফ হোসেন তালুকদার জানান, খামারে পোলট্রি শেড, হ্যাচারি, ফিড মিল ও পানি বিশুদ্ধকরণ কারখানা ছাড়াও কর্মকর্তাদের আবাসিক ভবন রয়েছে। গতকাল ভোরে হামলাকারীরা আবাসিক ও প্রশাসনিক ভবনে অতর্কিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের পর লুটপাট করেন। তাঁরা ক্যাশ ভল্ট ভেঙে তিন লাখ টাকা, আবাসিক ভবনের বিভিন্ন বাসা থেকে কর্মচারীদের স্বর্ণের চেইন ও বেশ কয়েকটি মোবাইল ফোনসেট লুটে নিয়ে যান। এ ঘটনায় খামারের নিরাপত্তা ব্যবস্থাপক আকতারুজ্জামান বাদী হয়ে গতকাল আশুলিয়া থানায় মামলা করেছেন। পুলিশ হেফাজতে থাকা নাজমুল ইসলাম বলেন, ‘মিথ্যা দুর্নীতির অভিযোগ এনে ২০০৩ সালে অন্যায়ভাবে আমাকে ওই প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয়। তাই প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুকের পক্ষে সহকর্মীদের নিয়ে গতকাল খামারটির দখল করার চেষ্টা চালানো হয়। ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মিথ্যা।’আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, খামারটির দখল নেওয়ার জন্য কাজী ফারুকের সমর্থক কর্মকর্তা-কর্মচারীরা গতকাল ভোরে হামলা চালান। তবে ভাঙচুর ও লুটপাটের কোনো ঘটনা ঘটেছে কি না, তদন্ত ছাড়া বলা যাবে না।