সাভারে প্রার্থীদের নানা অভিযোগ
ঢাকার সাভার পৌরসভা নির্বাচনে প্রচারণায় বাধা, পোস্টার ছেঁড়া এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, কর্মীদের মারধর করাসহ নানা অভিযোগ করেছেন কয়েকজন মেয়র ও কাউন্সিলর প্রার্থী। আজ রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা এসব অভিযোগ করেন।
পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করতে রিটার্নিং কর্মকর্তা ওই সভার আয়োজন করে। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তাসহ পাঁচজন মেয়র, ৪৫ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের ১১ জন প্রার্থী উপস্থিত ছিলেন। তবে বিএনপির মেয়র প্রার্থী বদিউজ্জামান উপস্থিত ছিলেন না।
সভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী সালাহ উদ্দিন খান অভিযোগ করেন, তাঁর কর্মীদের মারধর করে পোস্টার ও প্রচারপত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাঁকে হত্যা করা হবে বলেও হুমকিও দেওয়া হচ্ছে।
জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী আজিজুর রহমানের অভিযোগ, এমন পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যাতে ভোটারেরা শঙ্কিত হয়ে পড়ছেন। সরকারি দলের ভয়ে ভোটাররা তাঁর (আজিজুর) সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছেন। ভয়ে তাঁর কর্মীরা ভোট প্রার্থনা করতে সাহস পাচ্ছেন না।
সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর সুলতানা রাজিয়া অভিযোগ করেন, অপরিচিত যুবকেরা মোটরসাইকেলে এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন। তাঁরা ভোটকেন্দ্র দখলসহ নানা রকম গুজব ছড়াচ্ছেন।
এদিকে মতবিনিময় সভায় যোগ দিতে না পারলেও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির মেয়র পদপ্রার্থী বদিউজ্জামানের স্ত্রী শিরিন আক্তার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নির্বাচনী এলাকার কোথাও তাঁদের পোস্টার টাঙাতে দেওয়া হয়নি। এমনকি ভোটারদের কাছেও যেতে দেওয়া হচ্ছে না। আজ রোববার তিনি কয়েকজন নারী কর্মীকে নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় একটি বিপণি বিতানে ভোট চাইতে গেলে সরকারি দলের লোকজন তাঁদের লাঞ্ছিত করে এবং প্রচারপত্র ছিনিয়ে নেয়। আজ রোববার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, কোনো অবস্থাতেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখা হবে, এটা চিন্তা করার কোনো কারণ নেই। ভোটাররা যাতে নিরাপদে ভোট দিতে পারেন, সেটা নিশ্চিত করা হবে।
জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া বলেন, পোস্টার ছেঁড়া আর প্রচারণায় বাধা দেওয়া বন্ধ করতে হবে। এসব বন্ধে প্রয়োজনে পুলিশের টহল আরও জোরদার করা হবে। প্রার্থীদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।