সাভারে ফেনসিডিল আটক নিয়ে পুলিশের নাটক!
ঢাকার সাভারের বিশমাইল এলাকার মহাসড়ক থেকে গত শনিবার রাতে বিপুল পরিমাণ ফেনসিডিল আটকের পর সেগুলোর বেশির ভাগই পুলিশ বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আশুলিয়া থানার পক্ষ থেকে ফেনসিডিল আটকের ঘটনা প্রথমে অস্বীকার করা হলেও সাংবাদিকদের প্রশ্নবাণের মুখে অবশেষে পুলিশ গতকাল রোববার সকালে মাত্র এক হাজার ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখায়। সাভার থানা ও হাইওয়ে পুলিশ ফাঁড়ির একাধিক কর্মকর্তা জানান, দিনাজপুর থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো ড-১৪-২৪৪৭) করে ভুট্টার বস্তার মধ্যে চটের বস্তায় পাঁচ হাজার ২০০ বোতল ফেনসিডিল ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে রাজধানীতে নিয়ে যাওয়া হচ্ছিল। গত শনিবার রাত ১২টার দিকে ফেনসিডিলভর্তি ট্রাকটি আশুলিয়ার বিশমাইল এলাকায় পৌঁছালে সাভার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ট্রাকটি আটক করেন। খবর পেয়ে আশুলিয়া থানার দুই এসআই মো. শাহাদত হোসেন ও কামরুল হাসান ঘটনাস্থলে যান। অভিযোগ উঠেছে, ট্রাক তল্লাশি করে ফেনসিডিল উদ্ধারের পর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চার হাজার ৮০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়েছে।এসআই মো. সিরাজুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে কর্তব্য পালনের সময় রাত ১২টার দিকে বিশমাইল এলাকায় একটি ট্রাক দাঁড়ানো দেখতে পাই। পুলিশের টহল গাড়ি নিয়ে সেখানে যাওয়ামাত্র ট্রাক থেকে নেমে চার ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাঁদের মধ্যে ট্রাকের চালক শাহাদত হোসেন (৩২) ও তাঁর সহযোগী সেলিম রেজা (২৮) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়েন। এর পরই আশুলিয়া থানার দুই এসআই মো. শাহাদত হোসেন ও কামরুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেন।’শনিবার রাত দুইটার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এসআই শাহাদত ও কামরুল ভুট্টাভর্তি একটি ট্রাক আটক করেছেন। তবে ওই ট্রাকের ভেতর কী আছে, তা আমার জানা নেই।’ এর পরপরই মুঠোফোনে যোগাযোগ করা হলে এসআই শাহাদত হোসেন বলেন, ট্রাক নয়, একটি বাস আটক করা হয়েছে।রাত সোয়া তিনটার দিকে এসআই শাহাদত হোসেনের সঙ্গে পুনরায় যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুট্টাবোঝাই একটি ট্রাক আটক করে কিছুক্ষণ আগে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালকের ভাষ্যমতে, ভুট্টার বস্তার নিচে ফেনসিডিল আছে। রোববার (গতকাল) সকালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে বস্তা খুলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।সাভার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এক সার্জেন্ট প্রথম আলোকে বলেন, আটকের পরপরই আশুলিয়া থানার পুলিশ ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ট্রাক থেকে পাঁচ বস্তা ফেনসিডিল উদ্ধার করেও তাঁদের ছেড়ে দেওয়া হয়। ওই ট্রাকে আসা দুই ব্যক্তি একটি সাদা রঙের মাইক্রোবাসে করে ফেনসিডিল নিয়ে চলে যান। সামান্য কিছু ফেনসিডিল উদ্ধার দেখানো হয়।থানাহাজতে ট্রাকচালকের সহযোগী সেলিম রেজা সাংবাদিকদের বলেন, পুলিশ ট্রাকটি আটক করার পর সাদা পোশাকে কয়েকজন লোক ট্রাক থেকে কয়েক বস্তা ফেনসিডিল নামিয়ে নিয়ে যায়।ফেনসিডিল বিক্রির অভিযোগ অস্বীকার করে এসআই শাহাদত হোসেন বলেন, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হকের উপস্থিতিতে গতকাল সকালে ট্রাক থেকে বস্তা নামিয়ে গণনা করে এক হাজার ১২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ফেনসিডিল পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকচালক শাহাদত ও সেলিম রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে উপপরিদর্শক কামরুল হাসান বাদী হয়ে গতকাল আশুলিয়া থানায় একটি মামলা করেছেন।গতকাল রোববার দুপুরে যোগাযোগ করা হলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, শনিবার রাতে আটক করা ট্রাকে এক হাজার ১২০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। ট্রাকটিতে এর বেশি ফেনসিডিল থাকলে তা থানার পুলিশ যাওয়ার আগেই হাইওয়ে পুলিশ কিছু করে থাকতে পারে।ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, ‘ফেনসিডিল আটকের ঘটনা আমাকে জানানো হয়নি। সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে গতকাল সকাল সাড়ে আটটার দিকে আমি আশুলিয়া থানায় যাই এবং আমার সামনে গণনা করে ট্রাকটিতে এক হাজার ১২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।’ আটকের পর ফেনসিডিল বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের কিছু হয়ে থাকলে তা রাতেই হয়েছে; যা আমার জানা নেই। তবে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’