সাভারে বংশী নদীতে নৌকায় অবাধ জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝ নদীতে নৌকার মধ্যে ঠিক কী হচ্ছে, দূর থেকে আঁচ করা কঠিন। তবে চারজন লোক জটলা পাকিয়ে বসে কিছু একটা যে করছে—এমনটা বোঝা যাচ্ছে সহজেই । কী করছে ওরা? জানতে চাইলাম আমাদের নৌকার মাঝির কাছে। মুখ খুলতে চাইলেন না তিনি। তবে নৌকাটির কিছুটা কাছে যেতেই দেখা গেল, তাস খেলছে ওরা। আরেকটু ভালো করে তাকাতেই দেখা গেল, শৌখিন আয়েশে তাস খেলার যে একটা মেজাজ, তাদের মধ্যে তার লেশমাত্র নেই। চারজনের মাঝখানে বিছানো কাগজে টাকা ছড়ানো। জুয়া খেলা চলছে। খেলোয়াড়েরা খানিক পর পর গাঁজার কলকেতে টান দিচ্ছে। একজনের হাতে ফেনসিডিলের বোতলও দেখা গেল।ঢাকার উপকণ্ঠেই সাভার। সেই সাভার ঘেঁষে বয়ে চলেছে বংশী নদী। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ আর বালু নদীর মতো কোলাহলময় নয় বংশী নদী। এখনো বেশ শান্ত। অনেকেই হয়তো নদীটির নামই জানে না। অনেকেই জানে ধলেশ্বরী নামে। স্থানীয়ভাবে কেউ কেউ বলে বংশাই নদী। এই নদীতেই ভাসমান নৌকায় চলছে এমন জুয়া খেলা। মাঝি আস্তে করে বললেন, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তার বিপদ হতে পারে। প্রথম আলোর আলোকচিত্রী লুকিয়ে ছবি তুলতে গেলে তারা বোধ হয় টের পেয়ে গেল। ছবিটি মনমতো হলোও না। পরে তোলা হলো ‘জুম’ ছবি। কিন্তু বংশী নদীতে এমন দৃশ্যের অভাব নেই। খানিকটা দূরে গিয়ে দেখা গেল, অপর একটি নৌকায়ও একইভাবে চলছে জুয়া খেলা। একটু দূরে আরেকটা। একটি, দুটি করে একে একে সাতটি নৌকা পাওয়া গেল। কোনো কোনো নৌকায় বয়স্করাও বসেছে জুয়ার আসরে। ভেসে বেড়াচ্ছে জুয়ার আসর জমানো নৌকা। মাঝেমধ্যে তীরে ভিড়ছে নৌকা, আরও লোক উঠছে। তারাও শরিক হচ্ছে। বেশ খোলামেলাভাবে, প্রকাশ্যেই বসছে জুয়া খেলার আসর। নদীর পূর্বপাড়ে ভাগলপুর এলাকায় ৪০ বছর ধরে বসবাস করছেন বরকত উল্লাহ আর তাঁর ভাই সোলায়মান (ছদ্মনাম)। তাঁরা বলেন, ‘শুনেছি, ঢাকার নদীগুলোয় মাঝেমধ্যে পুলিশ পাহারা বসে। কিন্তু এখানে দেখার কেউ নেই। প্রধানত বখাটে ছেলেদের আড্ডা আর অসামাজিক কাজে ব্যবহার হয় নদী আর নৌকা। মধ্যবয়সীরাও আসর জমায়। মাঝেমধ্যে ঢাকা থেকে বড়লোকের ছেলেরা বান্ধবী নিয়ে আসে। ব্যবহার করে এসব নৌকা। জুয়ার টাকা তারাই বেশি জোগায়। মাঝেমধ্যে বান্ধবী নিয়ে বিপদেও পড়ে তারা।’ সোলায়মান বললেন, ‘একবার এক ব্যাটা সুন্দরী বান্ধবী নিয়া বেড়াইতে আইসা বিপদে পড়ছিল। তার টাকা-পয়সা সব নিয়া পরে বখাটে ছেলেগুলা বান্ধবীর দিকেও হাত বাড়াইছিল।’ ভাগলপুরেই রয়েছে বালুরঘাট। বেশির ভাগই অবৈধ। রাতদিন বালু ওঠানো-নামানোর কাজ চলছে। বরকতউল্লাহ জানান, ‘বালুর গদির কর্মচারীরাও জুয়া খেলার খোরাক জোগায়। রাতের বেলায় কিছু ট্রাক চলাচল করে এখান থেকে। ট্রাকচালক আর শ্রমিকেরা জুয়া খেলার নৌকাগুলোয় প্রমোদবিহার করেন। তাদের সঙ্গে থাকে বখাটেদের নিয়ে আসা বারবনিতা।’ তিনি অভিযোগ করেন, ‘এসব কাহিনি অনেকেই জানে না। ঢাকার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু বা তুরাগ নদের তুলনায় এখনো কিছুটা শান্ত বংশী নদী। যারা জুয়া খেলা, মাদক সেবন আর অসামাজিক কাজের জায়গা হিসেবে এ নদীকে বেছে নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সাভার থানার কোনো মাথাব্যথা নেই।’ বিষয়টি নিয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমউল্লাহকে প্রশ্ন করলে তিনি বলেন, প্রশাসন কড়াকড়ি আরোপ করায় সাভার সদর ও আশপাশের এলাকায় এখন জুয়া খেলা বা মাদক সেবন একরকম বন্ধই হয়ে গেছে। এ কারণে নদীতে নৌকায় বসেই এসব চলছে বলে মনে হয়। তিনি এ বিষয়ে খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে জানান।