সাভারে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে ঢাকার সাভারের রেডিও কলোনি এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ ঘটনায় গতকাল দুপুরে কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সাভার থানা-পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রেডিও কলোনি এলাকার জালাল আহাম্মেদ নিট কম্পোজিট লিমিটেড নামের পোশাক কারখানাটির চার শতাধিক শ্রমিকের গত মাসের ১৫ দিনের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন দাবি করলে কারখানা কর্তৃপক্ষ নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকে। এ কারণে ক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল বেলা দুইটার দিকে কাজ বন্ধ করে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বেলা আড়াইটার দিকে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তাঁরা গত মাসের বকেয়া বেতনসহ চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত বেতন দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে শ্রমিকদের মধ্যে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ তাঁদের বেতন আদায় করে দেওয়ার আশ্বাস দিলে বেলা তিনটার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়ে কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। বিকেল পাঁচটা পর্যন্ত শ্রমিকেরা বিক্ষোভ করেন। এর আগে বেলা আড়াইটার দিকে গতকালের জন্য কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কারখানার কয়েকজন শ্রমিক বলেন, কারখানা কর্তৃপক্ষ মাঝেমধ্যেই বেতন বকেয়া রেখে তাঁদের কষ্টের মধ্যে ফেলেন। এ কারণে তাঁরা বকেয়া বেতনের সঙ্গে চলতি মাসের বেতনও দাবি করছেন। দাবি মানা না হলে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। পুলিশ কর্মকর্তারা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছেন। মালিকের পক্ষ থেকে ২১ অক্টোবর গত মাসের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কারখানার মালিক বা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য গতকাল কারখানায় ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা বাধা দেন। এ কারণে কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
তবে সাভার থানার এসআই জাকারিয়া হোসেন শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে বলেন, মালিকের সঙ্গে কথা হয়েছে। তিনি আগামী দু-এক দিনের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন।