সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ
রাজধানীর অদূরে সাভারের মজিদপুর এলাকার ‘ইথার টেক্স লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন।বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় যান চলাচল বন্ধ হলে সড়কের একপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নির্দিষ্ট সময়ে বেতন ও অতিরিক্ত কাজের পারিশ্রমিক না দেওয়া, কর্তৃপক্ষের অশালীন আচরণ এবং পারিশ্রমিক ছাড়া রাতে কাজ করতে বাধ্য করাসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে শ্রমিকেরা বিক্ষোভে অংশ নেন।সাভার থানা-পুলিশ ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে মার্চ মাসের বকেয়া বেতনসহ অতিরিক্ত কাজের পারিশ্রমিকের দাবি জানান। কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করলে তাঁরা কাজ বন্ধ করে কর্মকর্তাদের কারখানার ভেতরে অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকেন। দুপুর দেড়টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে সাভার থানা ও শিল্প পুলিশ দুপুর দুইটার দিকে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করেন। এর পর শ্রমিকেরা অবরোধ তুলে নিলে পুনরায় যান চলাচল শুরু হয়।অবরোধ তুলে নেওয়ার পর পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের সমস্যা নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলেন। এ সময় কারখানার চেয়ারম্যান মো. আনিসুর রহমান ৩০ এপ্রিলের মধ্যে মার্চ মাসের বকেয়া বেতনসহ অতিরিক্ত কাজের পারিশ্রমিক পরিশোধের আশ্বাস দেন। পরে পুলিশ ও মালিকপক্ষ মিলে শ্রমিকদের বিষয়টি জানালে তাঁরা তা মেনে নিয়ে বিকেল চারটার দিকে কাজে যোগ দেন। শ্রমিকেরা জানান, কোনো মাসেই নির্দিষ্ট সময়ে বেতন দেওয়া হয় না।অতিরিক্ত কাজের পারিশ্রমিক বকেয়া রাখা হয় মাসের পর মাস। নারীশ্রমিকসহ পুরুষ শ্রমিকদের রাতে কাজ করতে বাধ্য করা হয়। কিন্তু পারিশ্রমিক দেওয়া হয় না। গত মার্চ মাসে তাঁদের ফেব্রুয়ারি মাসের অর্ধেক বেতন দেওয়া হয়। এ ছাড়া ফেব্রুয়ারি ও মার্চ মাসের অতিরিক্ত কাজের পারিশ্রমিক দেওয়া হয়নি।তাঁরা আরও অভিযোগ করেন, সপ্তাহে অন্তত তিন দিন সারা রাত কাজ করানোর পর দিনে ছুটি দেওয়া হয় না। কিন্তু রাত-দিনে রুটি, ডিম আর কলা ছাড়া অন্য কোনো খাবার দেওয়া হয় না। কেউ নিজের অর্থে বাইরের খাবার খেতে চাইলেও সেই সুযোগ দেওয়া হয় না। কথায় কথায় অশালীন আচরণ করেন কর্মকর্তারা। এসব কারণে কারখানার প্রায় ৫০০ শ্রমিকের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। গতকাল তা প্রকাশ্য রূপ নেয়। গত ২৬ মার্চ সড়ক দুর্ঘটনায় মারা যান শ্রমিক মনোয়ারা বেগমের ছেলে রুবেল (১৪)। সাত দিন ছুটি কাটিয়ে অফিসে যোগদানের পর বকেয়া বেতনের জন্য বারবার আকুতি জানিয়েও কর্তৃপক্ষের মন গলাতে পারেননি তিনি।মনোয়ারা জানান, তাঁর স্বামী রিকশাচালক। স্বামী, ছেলে ও নিজের রোজগারে খেয়ে-পরে বেঁচে ছিলেন। ছেলের চিকিৎসার পেছনে সঞ্চিত অর্থ ব্যয় করেও ছেলেকে বাঁচানো সম্ভব হয়নি। তাই আর্থিক দৈন্যতার মধ্যে পড়ে বেতন পরিশোধের দাবি জানিয়েছিলেন।কারখানার চেয়ারম্যান মো. আনিসুর রহমান বলেন, শ্রমিকদের সব অভিযোগ সত্য নয়। তিন মাস ধরে কাজ না থাকায় গত মাসের অর্ধেক বেতন দেওয়া হয়েছে এবং দুই মাসের অতিরিক্ত কাজের পারিশ্রমিক দেওয়া সম্ভব হয়নি। সাভার থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করেছেন।