সাভারে বরযাত্রীবাহী গাড়িসহ ১৫টি যানবাহনে ডাকাতি
ঢাকার সাভারের কলমা এলাকায় গত সোমবার রাতে বরযাত্রীদের নয়টি গাড়িসহ অন্তত ১৫টি যানবাহন থামিয়ে ডাকাতেরা স্বর্ণালংকার ও টাকা লুট করে। লুটপাটের শেষ পর্যায়ে পুলিশ গেলে ডাকাতেরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
একই রাতে সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে।
সাভার মডেল থানার পুলিশ ও ভুক্তভোগীরা জানান, ঢাকার আশুলিয়ার রোস্তমপুরের নারায়ণ সাহার ছেলে রনি সাহার সঙ্গে সাভার পৌর এলাকার উত্তর পাড়ার সন্তোষ সাহার মেয়ে দেবী সাহার বিয়ে ছিল সোমবার রাত ১২টার লগ্নে। রাত ১০টার দিকে আটটি মাইক্রোবাস ও একটি ব্যক্তিগত গাড়িতে করে নারী, শিশুসহ ৯০ জন বরযাত্রী সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়ক দিয়ে সাভারের উদ্দেশে রওনা হয়। রাত পৌনে ১১টার দিকে বরযাত্রীদের গাড়িবহর কলমা এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ে।
বরের ভাই কুশাই সাহা, বরযাত্রী অনিক রাজবংশী, মাইক্রোবাসের চালক আবুল কালামসহ আরও অনেকে জানান, ডাকাতেরা আগে থেকে একটি যাত্রীবাহী বাস, একটি পিকআপ ভ্যানসহ অন্তত ছয়টি যানবাহন থামিয়ে টাকা ও মালামাল লুট করছিল। তাদের গাড়িবহর সেখানে পৌঁছামাত্র পিস্তল ও চাপাতি হাতে ২০ থেকে ২৫ জন মুখোশ পরা ডাকাত তাদের ঘিরে ফেলে। ডাকাতেরা প্রতিটি গাড়ি থেকে টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন লুট করে।
বরের অপর বড় ভাই নব কুমার সাহা প্রথম আলোকে বলেন, প্রায় এক ঘণ্টা ধরে লুটপাট চালিয়ে ডাকাতেরা বরের গাড়ি থেকে কনের জন্য আনা ১২ ভরি ওজনের স্বর্ণালংকার এবং নারী ও পুরুষ বরযাত্রীদের কাছে থাকা আরও অন্তত ৪০ ভরি স্বর্ণালংকার ও তিন লাখ টাকা লুট করে। এ কারণে বিয়ের অনেক আনুষ্ঠানিকতাই সম্পন্ন করতে পারেননি তাঁরা। বিয়ের আনন্দ ম্লান হয়ে যায়।
ঘটনার পর পর ডাকাতিস্থলে যাওয়া সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, সোমবার রাতে কয়েকটি যানবাহনে ডাকাতি হয়েছে। তবে তেমন কোনো মালামাল নিতে পারেনি ডাকাতেরা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
দুটি মোটরসাইকেল ছিনতাই: সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির বাসিন্দা আকরাম হোসেন তাঁর এক বন্ধুকে নিয়ে সোমবার রাতে ঢাকা থেকে বাসায় ফিরছিলেন। পথে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর সেতু পার হওয়ার পর একটি সাদা রঙের ব্যক্তিগত গাড়ি (ঢাকা-মেট্রো-গ-২৩-৫২৭১) তাঁদের গতিরোধ করে। গাড়ি থেকে চার ছিনতাইকারী নেমে অস্ত্র দেখিয়ে তাঁদের কাছে থাকা পাঁচ হাজার টাকা, একটি ল্যাপটপ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এর আধা ঘণ্টা পর ওই এলাকা থেকে আরও একটি মোটরসাইকেল ছিনতাই হয় বলে স্থানীয় লোকজন জানান।
আকরাম বলেন, ঘটনার পরপরই তিনি সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল তাঁকে আজ বুধবার যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।
এ ব্যাপারে ওসি মোস্তফা কামাল বলেন, বাদী বুধবার সকালে মামলা রুজু করার ইচ্ছা পোষণ করায় অভিযোগটি রেকর্ড করা হয়নি।