সাভারে বাজারের জন্য সরকারি অর্থে সেতু?
একদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, অন্যদিকে নবীনগর-কালিয়াকৈর সড়ক। এই দুই সড়কের সংযোগস্থল আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি খাল মৃতপ্রায়। এই খালের ওপর প্রস্তাবিত একটি ব্যক্তিগত বাজারের জন্য সরকারি অর্থায়নে সেতু নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
নির্মাণাধীন সেতুটির নিকটবর্তী বসুন্ধরা মহল্লার শিক্ষক আবদুর রহমানসহ অনেকে বলেন, তাঁদের এলাকাসহ আশপাশের এলাকার ১০০ থেকে ৫০০ গজের মধ্যেই রয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। আর ওই সড়কে যাওয়ার জন্য এলাকার ভেতরে একাধিক পাকা রাস্তাও রয়েছে। তাই ওই এলাকার মানুষের চলাচলের জন্য এই সেতুর কোনো প্রয়োজন নেই।
সাভার উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, সেতুটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ ৯০ হাজার টাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তরের তত্ত্বাবধানে এটি নির্মাণ করছে সনি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান।
২২ জুন সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল ও নবীনগর-কালিয়াকৈর সড়ক ঘেঁষে রয়েছে মাছ ও কাঁচামালের বিশাল পাইকারি বাজার। বাজারটির দক্ষিণ পাশে একটি খালি জায়গার তিন দিকে টিনের স্থাপনা নির্মাণ করা হচ্ছে। সেখানেই বাজার করা হবে। এর পাশ দিয়ে বয়ে গেছে ‘নলির খাল’ নামে পরিচিত একটি খাল। ওই খালের ওপর নির্মাণ করা হচ্ছে সেতু। সেতুটি নির্মিত হলে ওই বাজার ও নবীনগর-কালিয়াকৈর সড়কের মধ্যে সংযোগ স্থাপিত হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই খালি জমির মালিক আশুলিয়ার বুড়িরবাজার এলাকার মোবারক হোসেন ও সহির মিয়া। শিগগিরই তাঁরা সেখানে বাজার বসাবেন। মূলত তাঁদের বাজারের জন্যই সেতুটি নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। জানা যায়, কয়েক বছর আগে মোবারক হোসেন খালটি ভরাট করে রাস্তা বানানোর চেষ্টা করেন। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে তা করতে পারেননি। পরে তিনি তদবির করে সরকারি অর্থায়নে সেতুটি নির্মাণের ব্যবস্থা করেন।
জানতে চাইলে মোবারক হোসেনের ছেলে আমিনুল ইসলাম তদবির করে সেতু নির্মাণের ব্যবস্থা করার কথা স্বীকার করে বলেন, ‘সেতু নির্মাণের সঙ্গে আমাদের স্বার্থ জড়িত রয়েছে, এতে কোনো সন্দেহ নেই; তবে এতে জনসাধারণও উপকৃত হবে।’
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুলিয়ার ক্যান্টনমেন্ট এলাকা থেকে বাইপাইল হয়ে নলির খাল গিয়ে মিশেছে ধামরাইয়ের বংশী নদীতে। একসময় এই খালের প্রস্থ ছিল প্রায় ১৬০ ফুট। কিন্তু অবৈধ দখলদারেরা খালের তীর দখল করে স্থাপনা নির্মাণ করায় খালটি এখন নর্দমায় পরিণত হয়েছে। এর ওপর সেতু নির্মাণ করায় খালের ওই অংশ আরও সরু হয়ে গেছে। এতে সাভার সেনানিবাস এলাকা, ডেন্ডাবর, গাজিরচট, বাইপাইলসহ আশপাশের বিভিন্ন গ্রামের পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে সাভার ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, নবীনগর-কালিয়াকৈর সড়কের যে অংশে সেতুটি নির্মাণ করা হচ্ছে, সেখানে কোনো বাঁক নেই। তাই ওই সেতুর ওপর দিয়ে প্রস্তাবিত বাজারে মালামাল পরিবহনের সময় বাইপাইল মোড়ে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
বাজারের জন্য সরকারি অর্থায়নে সেতু নির্মাণ করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক বলেন, ‘ব্যক্তিস্বার্থে নয়, জনস্বার্থেই সেতু নির্মাণ করা হচ্ছে। তা ছাড়া এটা পরিষদের সিদ্ধান্ত, আমার কিছু করার নেই।’