সাভারে বানাই সম্প্রদায়ের পরিবারগুলো অন্ধকারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের মৈস্তাপাড়া গ্রামের বানাই সম্প্রদায়ের লোকদের বিদ্যুতের সংযোগ দেওয়া শুরু হয় ২০১১ সালে। এর আড়াই বছর পর কোনো নোটিশ ছাড়াই সেসব সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এতে পরিবারগুলো অন্ধকারে আছে।
মৈস্তাপাড়া বহুমুখী আদিবাসী কল্যাণ সমিতির সভাপতি পরিমল বানাই বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা পল্লী বিদুৎ সমিতি-১ তাঁদের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ করে দেয়। এ জন্য নতুন করে লাইন নির্মাণসহ ট্রান্সফরমার ও খুঁটির টাকা তাঁদেরই পরিশোধ করতে হয়। লাইন নির্মাণের পর ৮০টি পরিবারের মধ্যে ১১টিকে ২০১১ সালে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। অন্যরা পর্যায়ক্রমে বিদ্যুতের জন্য আবেদন করছিল। কিন্তু তাদের আর সংযোগ দেওয়া হয়নি। উপরন্তু ২০১৪ সালে ওই ১১টি পরিবারের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর থেকে তারা অন্ধকারে আছে। পরিমল আরও বলেন, সংযোগ বিচ্ছিন্ন করার আগে তাঁদের কোনো নোটিশ দেওয়া হয়নি। এমনকি সংযোগ বিচ্ছিন্ন করার কোনো কারণও তাঁদের জানানো হয়নি।
বিরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত সদস্য সেলিনা আক্তার বলেন, বানাই সম্প্রদায়ের লোকজন নবাব এস্টেটের জমিতে বসবাসের পাশাপাশি চাষাবাদ করে আসছিল। কয়েক বছর আগে ওই এলাকায় একটি আবাসন প্রকল্প গড়ে ওঠার পর থেকে তাদের সেখান থেকে উৎখাতের পাঁয়তারা চলছে। সম্ভবত এরই অংশ হিসেবে তাদের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জমির মালিক ছাড়া বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নিয়ম না থাকলে কিসের ভিত্তিতে তাদের সংযোগ দেওয়া হয়েছিল এবং কেনইবা সংযোগ বিচ্ছিন্ন করা হলো—এসব বিষয় খতিয়ে দেখা দরকার।
জানতে চাইলে ঢাকা পল্লী বিদুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) এ এইচ এম নজমুল ইসলাম বলেন, জমির মালিকানা না থাকায় ১১টি পরিবারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। একই কারণে অন্যদের আর সংযোগ দেওয়া হয়নি।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর জিএম সৈয়দ ওয়াহিদুল ইসলাম বলেন, কোনো নাগরিক অন্তত ১০ বছর একই স্থানে বসবাস করলে জমির মালিকানার দলিল না থাকলেও তাঁকে বিদ্যুতের সংযোগ দেওয়া যেতে পারে। সংগত কোনো কারণ ছাড়া শুধু জমির মালিকানার দোহাই দিয়ে ওই ব্যক্তির সংযোগ বিচ্ছিন্ন করা ঠিক হবে না। তিনি বলেন, বর্তমান সরকার যেখানে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিয়েছে, সেখানে সংযোগ বিচ্ছিন্ন করে কাউকে অন্ধকারে রাখার সুযোগ নেই।