সাভারে বালু ব্যবসায়ী গাজীপুরে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের বালু ব্যবসায়ী আতিকুর রহমান (৩০) এবং গাজীপুর সদর উপজেলার গৃহবধূ রাবেয়া বেগম (২৩) খুন হয়েছেন। পুলিশ গতকাল সোমবার তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।সাভার থানার পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল ভোরে লোকজন বাড়ইগ্রাম এলাকার একটি খালি মাঠে আতিকুরের জবাই করা লাশ দেখে সাভার থানায় খবর দেয়। সকাল আটটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে আতিকুরের লাশসহ একটি ছোরা ও একটি দা উদ্ধার করে।এ ব্যাপারে নিহতের বাবা ও সাভারের উলাইল গ্রামের বাসিন্দা আরব আলী সাভার থানায় হত্যা মামলা করেছেন। দুপুরের মধ্যে পুলিশ মামলার আসামি রুবেল (২৬), আশরাফ (২৯) ও তারেককে (৩১) গ্রেপ্তার করে।নিহত আতিকুরের ভাই উজ্জ্বল মিয়া অভিযোগ করেন, তাঁর ভাই বালুর ব্যবসা করেন। এ নিয়ে শত্রুতার জের ধরে রুবেল, তারেক, আশরাফসহ আরও কয়েকজন মিলে তাঁর ভাইকে হত্যা করেছে।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরেই আতিকুরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।নিহত গৃহবধূ রাবেয়া সদর উপজেলার হাতিয়াব এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। আনোয়ার জানান, চার বছর আগে সদরের সালনা মোল্লাপাড়া এলাকার মিজানের সঙ্গে মেয়ের বিয়ে দেন। তাঁদের দুই বছরের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য মিজান রাবেয়াকে মারধর করে তাঁর কাছে পাঠিয়ে দিত।মিজানের প্রতিবেশীদের বরাত দিয়ে আনোয়ার জানান, আরও টাকার জন্য মিজান গত রোববার বিকেলে ও সন্ধ্যায় রাবেয়াকে প্রচণ্ড লাঠিপেটা করে। পরে সে পালিয়ে যায়। প্রতিবেশীরা রাবেয়ার ঘরে গিয়ে তাঁকে মৃত দেখতে পেয়ে গতকাল সকালে পুলিশকে খবর দেয়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।