সাভারে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক স্কুলছাত্রী
ঢাকার সাভারে গতকাল শুক্রবার বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। সে সাভারের ভাকুর্তা ইউনিয়নের একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। শিক্ষা নিয়ে কাজ করা এনজিও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) সহযোগী সংগঠন অগ্রগামী শিশু পরিষদের উদ্যোগে বাল্যবিবাহটি ঠেকানো হয়।
ভার্কের কর্মকর্তারা বলেন, সপ্তাহখানেক আগে সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া গ্রামের জাকির হোসেনের বিয়ে ঠিক হয়। গতকাল বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে দুপুরে বিয়েবাড়িতে ছুটে যান অগ্রগামী শিশু পরিষদের সভাপতি মুক্তা আক্তার। স্থানীয় ইউপি সদস্য রহমত আলীকে নিয়ে সেখানে যান মুক্তা। তাঁরা বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝানোর পর তাঁরা বিয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
মুক্তা আক্তার বলেন, ফেসবুকের মাধ্যমে তিনি গতকালই বাল্যবিবাহের বিষয়টি জানতে পারেন। এর পরপরই বিয়েবাড়িতে ছুটে যান। প্রথমে একাই বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বিয়ে বন্ধ করার চেষ্টা করেন। পরে স্থানীয় ইউপি সদস্যের সহায়তা নেন।