সাভারে বাস খাদে, ইডেনের ছাত্রীসহ ছয়জন নিহত
ঢাকার সাভার উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের ছালেপুরে গতকাল বুধবার যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ইডেন কলেজের ছাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হন অন্তত ২৫ জন।এ ছাড়া আশুলিয়ায় একটি সিরামিক কারখানার শ্রমিক-পরিবহনকারী একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন।সাভারে নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ইডেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্রী শাহীনা শেখ (২৪), আশুলিয়ার খেজুরটেক এলাকার পোশাক ব্যবসায়ী নুরুল ইসলাম (২৮), সাভারের হেমায়েতপুরের গ্রিল ব্যবসায়ী কাওসার আহমেদ (৩২) ও মৃৎশিল্পজাত পণ্যের ব্যবসায়ী শাহীন মিয়া (২৮)। শাহীনা শেখের কয়েকজন বন্ধু জানান, শাহীনার বাড়ি গোপালগঞ্জের টেকেরহাট এলাকায়। গাজীপুরের কালিয়াকৈর এলাকায় বান্ধবীর বাড়িতে বেড়ানো শেষে কলেজের হোস্টেলে ফিরছিলেন তিনি।নিহত নুরুলের ভাই সালাউদ্দিন জানান, নুরুল মাত্র ছয় দিন আগে বিয়ে করেছেন। হাতের মেহেদির রং না মুছতেই তাঁকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো।প্রত্যক্ষদর্শী ও সাভার থানা সূত্রে জানা যায়, শুভযাত্রা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। দুপুর ১২টার দিকে সাভারের ছালেপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ইডেন কলেজের ছাত্রী শাহীনাসহ চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ২৫ জন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে। খবর পেয়ে সাভার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয়। পুলিশ চারজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাভার থানার উপপরিদর্শক (এসআই) আল মাহমুদ জানান, আহত ব্যক্তিদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করার পর বিকেলের দিকে আরও দুজনের মৃত্যু হয়। তবে ঝামেলা এড়াতে স্বজনেরা পুলিশকে সঠিক তথ্য না দিয়ে লাশ বাড়ি নিয়ে গেছে। আহত যাত্রী আক্কাস আলী ও প্রত্যক্ষদর্শী মকবুল হোসেন জানান, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বিভাজক রয়েছে। দুর্ঘটনাস্থলে সড়ক বিভক্তির ফাঁকা অংশ দিয়ে একটি ট্রাক ডান পাশ থেকে হঠাৎ বাম পাশে ঢুকে পড়ে। এ সময় বাসটি বাম পাশ দিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় ট্রাকটির খুব কাছাকাছি চলে আসে। বাসের চালক দুর্ঘটনা এড়াতে সড়কের পাশ ঘেঁষে চালিয়ে যাওয়ার সময় সামনের চাকা গর্তে পড়ে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। শ্রমিকবাহী বাস খাদে: আশুলিয়ার চক্রবর্তী এলাকার একটি সিরামিক কারখানার শ্রমিকবাহী বাস গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ধামরাই থানাস্ট্যান্ড থেকে ছেড়ে আসে। বাসটি নবীনগর-কালিয়াকৈর সড়কের পলাশবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ শ্রমিক আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রূপা, মমতাজ, খালেদাসহ কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, বাসটি চালাচ্ছিলেন চালকের সহকারী। এ কারণে তাঁরা পথে কয়েকবার দুর্ঘটনার মুখোমুখি হন। প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। পলাশবাড়ী এলাকায় পৌঁছালে বাসটি খাদে পড়ে যায়। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ও আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি আটক করা হয়েছে। চালকেরা পালিয়ে গেছেন। মামলার প্রস্তুতি চলছে।