ঢাকার সাভারের আমিনবাজারের অদূরে ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল শনিবার দুপুরে একটি বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর আগে সকালে আশুলিয়ার নরসিংহপুরে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ শিল্প পুলিশ ও ১০ শ্রমিক আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতরা হলেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আনিসুর রহমান (৫০) ও মৌলভীবাজারের আবদুল আউয়াল (৩৮)। সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, বাসটি ঢাকা থেকে সাভার যাওয়ার পথে মোটরসাইকেলটিকে চাপা দেয়। মোটরসাইকেল আরোহীরাও উল্টো পথে সাভার থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ ব্যাপারে সাভার থানায় মামলা হয়েছে। শিল্প পুলিশ আশুলিয়া অঞ্চলের পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, হুকুম দখল করা একটি বাসে দায়িত্ব পালনের উদ্দেশ্যে কয়েকজন কর্মকর্তাসহ শিল্প পুলিশের বেশ কিছু সদস্য আশুলিয়ার নরসিংহপুর ও জিরাব এলাকায় যাচ্ছিলেন। তাঁদের বহনকারী বাসটি নরসিংহপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ডিইপিজেডের ভেতরে অবস্থিত ইয়াং ওয়ান নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বহনকারী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এক উপপরিদর্শক (এসআই), এক হাবিলদারসহ ১০ পুলিশ ও ১০ শ্রমিক আহত হন। তাঁদের রাজারবাগ পুলিশ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।