সাভারে বাসচাপায় ২ জনের মৃত্যু, বাস রেখে চালক পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীগামী একটি বাস দুটি বাইসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। এর পরপরই মহাসড়কের ওপর বাস রেখে পালিয়ে যান বাসের চালক। এ কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আজ শুক্রবার রাত আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের বয়স ১৫ থেকে ১৮-এর মধ্যে বলে পুলিশ জানিয়েছে।

সাভার মডেল থানা ও ট্রাফিক পুলিশসহ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত আটটার দিকে রাজধানীগামী একটি বাস সাভারের সালেহপুর সেতুর কাছে দুই বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। এরপর চালক ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে আমিনবাজার সেতুর ওপর বাস রেখে পালিয়ে যান। এ কারণে মহাসড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রথমে রাজধানী থেকে ছোট আকারের একটি র‌্যাকার এনে বাসটিকে অপসারণের চেষ্টা করা হয়। তাতে সম্ভব না হওয়ায় পরে বড় একটি র‌্যাকার এনে রাত নয়টার দিকে বাসটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর বাস চলাচল শুরু হয়।

সাভার ট্রাফিকের পরিদর্শক ইলিয়াস হোসেন বলেন, সেতুর ওপর বাস রেখে চালক পালিয়ে যাওয়ার কারণে আজ শুক্রবার রাত আটটা থেকে রাত নয়টা পর্যন্ত রাজধানীতে কোনো যানবাহন ঢুকতে পারেনি। রাত নয়টার দিকে মহাসড়ক থেকে বাসটি সরানো হলেও যানজট অব্যাহত থাকে। তিনি বলেন, বাসের চাপায় দুই কিশোর মারা গেছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। তারা বাইসাইকেলে করে আমিনবাজারের দিকে যাচ্ছিল।