সাভারে বাসে ও ধামরাইয়ে থানায় বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বাসে বোমা হামলার ঘটনা ঘটল ঢাকার সাভারে। গতকাল সোমবার রাতে এ ঘটনায় আহত হয়েছেন বাসের ১০ যাত্রী। প্রায় একই সময়ে বোমা হামলা হয়েছে সাভারের কাছে ধামরাই থানায়। তবে এতে কেউ হতাহত হয়নি। সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা জানান, রাত পৌনে নয়টার দিকে সাভারের জোড়পোল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি চলন্ত বাসে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বাসের সামনের অংশে আগুন ধরে যায়। বোমার আঘাতে আহত হন বাসের ১০ যাত্রী। আহতদের মধ্যে আশুলিয়ার গণকবাড়ী এলাকার এজিস টেক্সটাইলের মহাব্যবস্থাপক (জিএম) রতন কুমার সাহা (৫৫) গোপালগঞ্জের কাশিয়ানীর নজরুল ইসলাম (৩৫) ও তাঁর বোন রেহানা আক্তারকে (২৫) সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনাম মেডিকেলের আইসিইউর চিকিৎসক সুদীপ সাহা জানান, বোমার স্প্লিন্টারে রতন মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) যন্ত্রের সাহায্যে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে।
ধামরাই থানা সূত্র জানায়, রাত নয়টার দিকে ধামরাই থানার ভেতরে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বোমাটি থানার মূল ফটকের সামনে পড়ে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর থানাসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।