সাভারে বাসে পোশাকশ্রমিককে ধর্ষণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল সোমবার ভোরে একটি বাসে এক পোশাকশ্রমিককে (৩৪) ধর্ষণের চেষ্টা করেন চালক। ওই সময় পুলিশের এক কর্মকর্তার বুদ্ধিমত্তায় অন্য সদস্যরা এগিয়ে আসায় পোশাকশ্রমিককে বাস থেকে ফেলে পালানোর চেষ্টা করেন পরিবহনের শ্রমিকেরা। পরে ধাওয়া দিয়ে ওই বাসের চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।
আহত ওই পোশাকশ্রমিক সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তিনি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাসচালক শাহীন মিয়া, সহযোগী হানিফ মিয়া ও কন্ডাক্টর খোকন মিয়ার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেছেন তিনি।
ওই পোশাকশ্রমিক বলেন, কারখানায় যেতে গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি সাভার বাসস্ট্যান্ড থেকে আনন্দ সুপার পরিবহনের একটি বাসে ওঠেন। তখন বাসে কোনো যাত্রী ছিল না। বাসে ওঠার পরপরই চালক কোনো যাত্রী না তুলেই বাস ছেড়ে দেন।
ঢাকা-আরিচা মহাসড়কে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) কাছে পৌঁছানোর পর চালক শাহীন বাস থামিয়ে আলো নিভিয়ে ফেলেন। সহযোগী হানিফকে বাসের দরজা বন্ধ ও কন্ডাক্টর খোকন মিয়াকে চালাতে বলেন। এরপর শাহীন একটি ছুরি নিয়ে তাঁকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তিনি সাহায্যের জন্য চিৎকার দেন।
ওই সময় এগিয়ে আসেন সাভার মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মশিউদ্দৌলা। তিনি প্রথম আলোকে বলেন, হরতালে দায়িত্ব পালনের সময় ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাস দাঁড়ানো দেখে তিনি বাসটির দিকে যেতে থাকেন। ওই সময় বাসের ভেতর থেকে নারীকণ্ঠের চিৎকার শুনে তিনি পুলিশের অন্য সদস্যদের এগিয়ে আসতে বলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ওই পোশাকশ্রমিককে বাস থেকে ফেলে পালানোর চেষ্টা করেন। পুলিশ ওই নারীর কাছ থেকে ঘটনা জানতে পেরে বাসের পেছনে ছোটে।
পুলিশ কর্মকর্তা জানান, চালক পুলিশকে ধোঁকা দিতে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কে ঢুকে আশুলিয়ার দিকে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সরু রাস্তার কারণে চালক দ্রুত বাস চালাতে পারছিলেন না। পুলিশও বাসটির সামনে যেতে পারছিল না। কলমা এলাকায় পৌঁছানোর পর পুলিশ পেছন থেকে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে ঘেরাও করে চালক ও তাঁর সহযোগীসহ বাসটি আটকে সহায়তা করেন। কিন্তু এর আগেই কন্ডাক্টর পালিয়ে যান।
সাভার মডেল থানাহাজতে বাসচালক শাহীন মিয়া দাবি করেন, ধর্ষণ নয়, অস্ত্র দেখিয়ে তিনি স্বর্ণালংকার ও টাকা ছিনতাই করার চেষ্টা করেন।
তবে তাঁর সহযোগী হানিফ বলেন, শাহীন ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করছিলেন। কিন্তু পুলিশ এসে পড়ায় পারেননি।