সাভারে বাসের ধাক্কায় এএসআই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে বাসের ধাক্কায় নিহত হয়েছেন সবুর মিয়া (৫০) নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। গত সোমবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ভাকুর্তা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সবুর মিয়া (৫০) ঢাকার ধামরাই উপজেলার বালিথা গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকার রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, সবুর মিয়া সোমবার রাতে মহাসড়কের ভাকুর্তা সেতু এলাকায় জরুরি দায়িত্ব পালন করছিলেন। রাত ১১টার দিকে সাভারগামী একটি বাস তাঁকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গতকাল ঢাকা জেলা পুলিশ লাইনসের মিল ব্যারাকে সকাল ১০টায় সবুর মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।