সাভারে বাড়িতে বিস্ফোরণ, আগুন দম্পতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে একটি বাড়িতে বিস্ফোরণের পর আগুন লেগে এক দম্পতির মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছেন পরিবারের আরও পাঁচজন। গত শুক্রবার রাতে পৌর এলাকার ভাগলপুরে একটি একতলা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। রান্নার গ্যাসের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
নিহত দম্পতি হলেন রওশন আলী (৫৫) ও খায়রুন নেসা (৫০)। তাঁরা বাড়িমালিক ব্যবসায়ী তাজুল ইসলামের শ্যালিকা ও ভায়রা ভাই। আহতরা হলেন তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী মেহেরুন নেসা, নিহত দম্পতির ছেলে হজরত আলী, মেয়ে ফাতেমা আক্তার ও মেয়েজামাই খোরশেদ আলম।
সাভার মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, শুক্রবার রাত সোয়া তিনটার দিকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয় ওই বাড়িতে। আশপাশের অনেকগুলো বাড়িও তখন কেঁপে ওঠে। এরপর একতলা ভবনের তিনটি কক্ষসহ ভবনের চারপাশে আগুন ধরে যায়।
বিকট শব্দ আর আগুন দেখে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা ভবনের ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা আর ফটক ভাঙতে না পারায় তাঁরা ভেতরে ঢুকতে ব্যর্থ হন।
সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, সম্ভবত বাড়ির লোকজন রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন। ওই গ্যাস প্রতিটি কক্ষে ছড়িয়ে পড়ে। অথবা রান্নাঘরের কোনো ছিদ্র দিয়েও গ্যাস বের হয়ে তা হতে পারে। গ্যাসে ভরা ওই বাড়িতে কেউ রান্নাঘরে আগুন জ্বালানোর চেষ্টা করলে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই দগ্ধ ব্যক্তিদের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। দুপুরের পর স্বজনেরা ফাতেমা ও তাঁর স্বামী খোরশেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ফাতেমার অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৯৫ ভাগ পুড়ে গেছে বলে জানান এনাম মেডিকেলের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) চিকিৎসক ইয়াসমিন খানম।
আহত তাজুল ইসলাম বলেন, রওশন আলী সাভারের গেন্ডা এলাকায় একটি পার্কে নৈশপ্রহরীর চাকরি করতেন। গত বৃহস্পতিবার ওই পার্কের জলাধারে পড়ে গিয়ে তিনি ব্যথা পেয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি গত শুক্র ও শনিবার ছুটি নিয়েছিলেন। তিনি (রওশন) স্ত্রী ও ছেলেকে নিয়ে তাঁর বাড়িতে ভাড়া থাকতেন। অসুস্থ বাবাকে দেখতে স্বামী ও মেয়েকে নিয়ে ফাতেমা শুক্রবার সাভারে আসেন।
প্রতিবেশী শাজাহান মিয়া বলেন, ফটক ভেঙে ভেতরে ঢুকতে না পেরে তিনি দুই যুবককে নিয়ে মইয়ের সাহায্যে বাড়ির ছাদে উঠে সিঁড়িঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তিনি তাজুল ও তাঁর স্ত্রীকে অচেতন অবস্থায় সিঁড়িতে পড়ে থাকতে দেখেন। তাঁরা প্রথমেই ওই দুজনকে ছাদে নিয়ে গিয়ে বাড়ির বাইরে নিয়ে আসেন। এরপর তিনি ভেজা বস্তা শরীরে জড়িয়ে রওশন ও খায়রুন নেসা ছাড়া অন্যদের উদ্ধার করেন। দগ্ধদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।