সাভারে বায়িং হাউস কর্মকর্তা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ার দুর্গাপুর এলাকা থেকে গত সোমবার নিখোঁজ হওয়া এক বায়িং হাউসের কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে মাথা ও কপালে গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল বুধবার বিকেলে সাভারের বিরুলিয়া এলাকা থেকে উদ্ধার করা কর্মকর্তার নাম মনিরুল ইসলাম (২৫)।সাভার থানার পুলিশ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গতকাল বিকেল তিনটার দিকে আশুলিয়া বেড়িবাঁধ এলাকার অদূরে বিরুলিয়া বিল থেকে মনিরুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। লাশটি উদ্ধার করে বিকেলেই থানায় নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশটি আজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।মনিরুলের বাসার মালিক আবদুস সোবাহান জানান, গত সোমবার বিকেল পাঁচটার দিকে মনিরুল বাসায় ফেরেন। ওই সময় তাঁর স্ত্রী কর্মস্থলে ছিলেন। বাসায় ফেরার ঘণ্টা খানেক পর তিনি মোটরসাইকেল নিয়ে আবারও বের হয়ে যান। এর পর থেকে তাঁকে আর পাওয়া যাচ্ছিল না। নিহত মনিরুলের বাবা শামসুল হক জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে তাঁর মুঠোফোনে কল করে ফোন বন্ধ পাওয়া যায়। সারা রাত খুঁজে না পেয়ে গত মঙ্গলবার তিনি আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। র‌্যাব-১-কেও জানান তিনি। এর কয়েক ঘণ্টা পর স্থানীয় লোকদের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ মনিরুলের লাশটি উদ্ধার করে। তিনি জানান, দুর্বৃত্তরা তাঁর ছেলেকে হত্যা করেছে এবং তাঁর মোটরসাইকেলটিও নিয়ে গেছে।সাভার থানার এসআই সাজ্জাদ রোমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর কারণ মোটরসাইকেল, না পূর্বশত্রুতা, তা খতিয়ে দেখা হচ্ছে।মনিরুল ইসলাম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের শামসুল হকের একমাত্র ছেলে। তিনি গাজীপুরের টঙ্গীর পদ্মা বায়িং হাউসে উৎপাদন সমন্বয়কারী হিসেবে চাকরি করতেন। থাকতেন আশুলিয়ার দুর্গাপুর এলাকার আবদুস সোবাহানের বাসায়। তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিনও একটি পোশাক কারখানায় চাকরি করেন।