সাভারে বিদেশফেরত ব্যক্তির বস্তাবন্দী লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামে নজরুল ইসলাম (৪২) নামে সদ্য বিদেশফেরত এক ব্যক্তি খুন হয়েছেন। স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রতিবেশী জানান, রাত দুইটার দিকে নজরুলের বাড়ির পাশে কয়েকজন ব্যক্তিকে একটি বস্তায় কিছু একটা ভরতে দেখা যায়। প্রতিবেশীদের সন্দেহ হলে তাঁরা এগিয়ে যান। তবে কাছে যাওয়ার আগেই তারা বস্তা ফেলে পালিয়ে যায়। তাঁরা বস্তার মুখ খুলে ভেতরে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় নজরুলকে পান। জীবিত ভেবে তাঁরা নজরুলকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানিয়েছেন, নজরুল প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবে চাকরি করছিলেন। বছর পাঁচেক আগে দেশে ফিরে তিনি একই এলাকার বাবুল হোসেনের মেয়ে ফারজানা আক্তারকে বিয়ে করে আবার সৌদি আরবে চলে যান। মাস দেড়েক আগে তিনি দেশে ফেরেন।নিহত নজরুলের ভাই রুস্তম আলী অভিযোগ করেন, তাঁর ভাই বিদেশে যাওয়ার পর ভাবি ফারজানা স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। নজরুল দেশে ফেরার পর বিষয়টি জানতে পারেন এবং এ নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চরম রূপ নেয়। এর জের ধরেই ফারজানা তাঁর প্রেমিক ও ঘনিষ্ঠজনদের দিয়ে নজরুলকে হত্যা করে বস্তার ভেতরে ভরে লাশ গোপন করার চেষ্টা করেন। এ ব্যাপারে নজরুলের আরেক ভাই বিল্লাল হোসেন গতকাল শুক্রবার রাতে সাভার থানায় লিখিত অভিযোগ করেন।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার রহমানের সঙ্গে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, বিল্লাল হোসেনের খসড়া অভিযোগে ফারজানাকে দায়ী করা হয়েছে। অভিযোগটি সংযোজন-বিয়োজন করে আবার লেখা হচ্ছে। রাত আটটার দিকে পুনরায় তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিল্লাল হোসেনের লিখিত অভিযোগ পেয়ে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে সেখানে আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেছেন, আওয়ামী লীগের এক নেতা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য প্রত্যক্ষদর্শীদের ভয়ভীতি দেখাচ্ছেন। এ কারণে তাঁরা মুখ খুলছেন না। ওই নেতার হস্তক্ষেপেই মামলায় প্রধান সন্দেহভাজনের নাম উল্লেখ করা হয়নি।তবে নিহত নজরুলের স্ত্রী ফারজানা সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। সাভার থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নজরুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাজাহান মিয়া বলেছেন, হত্যার সঙ্গে ফারজানা জড়িত থাকতে পারেন। তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।