সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
ঢাকার সাভার উপজেলার আমিনবাজারে একটি বেসরকারি ডেন্টাল ক্লিনিকে সাইনবোর্ড টানাতে গিয়ে গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্লিনিকের মালিক ও তাঁর ভাইকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন সাইদুর রহমান (২৭), শাহ আলম (২৬) ও মনির হোসেন (২৬)। সাইদুরের বাড়ি নওগাঁর পোরশা উপজেলার সাতিয়া গ্রামে এবং শাহ আলমের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়। মনির হোসেনের ঠিকানা জানা যায়নি।
মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া দুজন হলেন রশিদ ডেন্টাল সার্জারি ক্লিনিকের মালিক মামুনুর রশিদ ও তাঁর ভাই তৈয়মুর রশিদ। মামুনুর রশিদ ঢাকা ডেন্টাল কলেজের সার্জন। তাঁদের বাড়ি আমিনবাজার এলাকায়।
সাভার মডেল থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আমিনবাজারের আবদুল আলী মার্কেটের নির্মাণাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলায় ক্লিনিকটি অবস্থিত। দ্বিতীয় তলার ছাদে ক্লিনিকটির সাইনবোর্ড টাঙানোর জন্য মামুনুর রশিদ গতকাল ১০ জন শ্রমিক নিযুক্ত করেন। সকাল সাতটার দিকে সাইদুর, শাহ আলম ও মনির দ্বিতীয় তলার ছাদে উঠে পরিত্যক্ত বিদ্যুতের তারের সাহায্যে সাইনবোর্ডটি টেনে ওপরে তুলছিলেন। বাকি শ্রমিকেরা নিচে থেকে তাঁদের সহায়তা করছিলেন। একপর্যায়ে দ্বিতীয় তলার ছাদ ছুঁয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সঙ্গে সাইনবোর্ডের ঘর্ষণে বিদ্যুৎ লাইনের প্লাস্টিকের প্রলেপে ক্ষত সৃষ্টি হয়ে সাইনবোর্ডটি বিদ্যুতায়িত হয়। এ সময় সাইনবোর্ডের সঙ্গে বাঁধা তারের সংস্পর্শে থাকা সাইদুর, শাহ আলম ও মনির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় পুলিশ মামুনুর রশিদ ও তৈয়মুর রশিদকে আটক করে থানায় নিয়ে যায়। পরে আমিনবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. বাছেদ নিহত ব্যক্তিদের স্বজন ও ক্লিনিকের মালিককে নিয়ে থানায় সমঝোতা বৈঠকে বসেন। সেখানে ক্লিনিকের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ৪০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়।
মামলা না করে সমঝোতার উদ্যোগ নেওয়ার বিষয়ে জানতে চাইলে এসআই বাছেদ খেপে যান এবং একপর্যায়ে বৈঠক থেকে চলে যান।
সাভার মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, থানায় মীমাংসার সুযোগ নেই। মীমাংসা হলে আদালতে হবে। এরপরও অভিযোগ না পেলে বিষয়টি বিবেচনা করা হবে।
মডেল থানার সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, অভিযোগ না পাওয়ায় মামুনুর ও তৈয়মুরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, আবদুল আলী মার্কেটের নির্মাণাধীন তিনতলা ভবন থেকে মাত্র ২০ গজ দূরেই পল্লী বিদ্যুতের খুঁটি। খুঁটিটি থেকে নির্মাণাধীন ভবনসহ আশপাশের বিভিন্ন ভবনে অসংখ্য সংযোগ দেওয়া হয়েছে। নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদ ছুঁয়ে কেব্ল টেলিভিশনের লাইন ও পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনসহ আরও অনেকে বিদ্যুতের লাইন এলোমেলোভাবে জড়ানো। এসব লাইনের যেকোনোটির সংস্পর্শেই সাইনবোর্ডটি বিদ্যুতায়িত হয় বলে জানান স্থানীয় লোকজন।
এদিকে ঘটনার পরপরই ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সৈয়দ ওয়াহিদুল ইসলাম ও ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মনিরুল ইসলাম বলেন, সম্ভবত মার্কেটের বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে দুর্ঘটনা ঘটে। এরপরও বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য খতিয়ে দেখা হচ্ছে।