সাভারে বিলবোর্ড টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু
রাজধানী ঢাকার অদূরে সাভারের খাগাইন এলাকায় গতকাল বুধবার বিকেলে বিলবোর্ড টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন।
নিহত ব্যক্তিরা হলেন রাজধানীর বাড্ডা এলাকার আনোয়ার হোসেন (৩৫), ময়মনসিংহের মোন্তাজ আলী (২৫) ও হাশেম আলী (৫৫)।
সাভার মডেল থানার পুলিশ জানায়, খাগাইন এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের আশুলিয়া প্রকল্পের নির্মাণাধীন একটি ভবনের সামনে গতকাল বিলবোর্ড স্থাপনের কাজ করছিলেন শ্রমিকেরা। বিকেল সাড়ে পাঁচটার দিকে তিন ইঞ্চি ব্যাসার্ধের একটি লোহার পাইপ পুঁতে তাতে ১৩৫ বর্গফুট আয়তনের বিলবোর্ড টাঙানোর চেষ্টা করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় পাইপটি পাশের বিদ্যুৎ লাইনের সঙ্গে লেগে তড়িতায়িত হয়। তখন পাইপ ধরে থাকা শ্রমিক আনোয়ার, মোন্তাজ, হাশেম ও রকিব নামের চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন। মুমূর্ষু অবস্থায় তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। রকিব হাসপাতালে চিকিৎসাধীন।
সাভার থানার এসআই শফিউল আলম বলেন, আবাসন প্রকল্পটির মূল ফটক থেকে ৫০ গজ দূরে বিলবোর্ডটি স্থাপন করা হচ্ছিল। নাসির উদ্দিন নামের এক ঠিকাদার এটি স্থাপনের কাজ করছিলেন। ওই প্রকল্প এলাকায় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন রয়েছে। ওই লাইনের সঙ্গে লোহার পাইপের স্পর্শ হয়ে চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ঠিকাদারের সহকারী ইউনুস আলীকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অবহেলার প্রমাণ পাওয়া গেলে ঠিকাদারসহ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আটক ইউনুস আলী বলেন, নিহত শ্রমিকদের মধ্যে আনোয়ার ছিলেন বৈদ্যুতিক সহকারী। বাকিরা শ্রমিক। রাজধানীর মুগদা এলাকা থেকে গতকাল তাঁদের আনা হয়েছিল।