সাভারে বিস্ফোরণে দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বোমকা গ্রামে বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো হান্নান ওরফে হৃদয় ও শুভ রহমান (১০)। হান্নান মোস্তাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং শুভ একই গ্রামের আবদুল হাইয়ের ছেলে। তারা উভয়ে স্থানীয় জাহাঙ্গীর খান দারুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছে সালমান নামের আরেক শিশু। তার বাড়িও মোস্তাপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে মোস্তাপাড়ার পার্শ্ববর্তী বোমকা এলাকায় সেনাবাহিনীর প্রশিক্ষণ মাঠে খেলতে যায় হান্নান, শুভ ও সালমান। শুভ সেখানে ‘বোমাসদৃশ’ একটি বস্তু কুড়িয়ে পায়। বস্তুটি সে প্যান্টের পকেটে রাখে। পরে তারা সেখান থেকে বাড়ির দিকে যায়। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ‘বোমাসদৃশ’ বস্তুটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে হান্নান ও শুভ মারা যায়। সালমানের বাম পায়ের হাঁটুর নিচে আঘাত লাগে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত সালমান বলেন, ‘আমরা খেলছিলাম। শুভ ওইখানে একটা বোম পায়। ও এটা পকেটে নেয়। পরে সেটা বিকট শব্দে ফাইটা যায়।’

সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার রাসেল শেখ প্রথম আলোকে জানান, বিস্ফোরণজনিত ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এটা কি ধরনের বিস্ফোরকদ্রব্য ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে মামলা করা হবে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্যা বলেন, নিহত শিশুদের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।