সাভারে বিয়ার-টাকাসহ যুবক আটক, অতঃপর
সাভার নামাবাজার খালেক মার্কেটের সামনে থেকে গতকাল বুধবার দুপুরে আলমাস আসিফ নামে এক যুবককে পাঁচ বোতল বিয়ারসহ আটক করার পর তাঁকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আলমাস সাভার পৌরসভার উত্তরপাড়ার বাসিন্দা।আলমাস অভিযোগ করেন, পান করার জন্য এক বন্ধু পাঁচ বোতল বিয়ার সংগ্রহ করে তাঁর কাছে জমা রেখেছিলেন। গতকাল ওই বিয়ার তাঁর কাছে পৌঁছে দেওয়ার জন্য মুঠোফোনে তাঁকে অনুরোধ জানানো হয়। তিনি একটি ব্যাগে পাঁচ বোতল বিয়ার ভরে বাসা থেকে বের হন। বেলা পৌনে দুইটার দিকে তিনি সাভার নামাবাজার খালেক মার্কেটের সামনে পৌঁছালে সাদা পোশাকে দুজন লোক এসে তাঁকে আটক করে হাতকড়া পরিয়ে দেন। এরপর তাঁকে একটি হ্যালোবাইকে করে সাভার বাজার বাসস্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়। বাসস্ট্যান্ডে নিয়ে একটি মাইক্রোবাসে তুলে দরজা বন্ধ করে দিয়ে টাকা ও বিয়ার নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তখন ওই মাইক্রোবাসটিতে সাভার থানার উপপরিদর্শক (এসআই) হারেজ শিকদার বসা ছিলেন। আলমাস জানান, টাকাগুলো তিনি তাঁর এক বোনের ব্যাংক হিসাবে জমা দেওয়ার জন্য বাসা থেকে নিয়ে বের হয়েছিলেন। এসআই হারেজ শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, আলমাসকে কনস্টেবল সাঈদ আটক করেছিল। এর পরে সাঈদ তাঁকে কী করেছেন, তা আমার জানা নেই। কারণ, আমি ততক্ষণে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। যোগাযোগ করা হলে কনস্টেবল আবু সাঈদ পাঁচ বোতল বিয়ার আর ছয় হাজার ২০০ টাকাসহ আলমাসকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আলমাস একজন মৃত পুলিশ-সদস্যের সন্তান হওয়ার কারণেই মানবতাবোধ থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সঙ্গে বিয়ার আর টাকাও ফেরত দেওয়া হয়। কনস্টেবল সাঈদ আর মাইক্রোচালক দেলোয়ার হোসেনের সঙ্গে কথা বলার একপর্যায়ে আলমাসকে তাঁদের মুখোমুখি করা হলে তাঁরা পাঁচ বোতল বিয়ার আর ছয় হাজার ২০০ টাকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার কথা স্বীকার করে, বাকি ২৮ হাজার টাকার কথা অস্বীকার করেন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।