সাভারে বুড়িগঙ্গা নদী সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা নদী দখল করে সাভারের ভাকুর্তা এলাকায় নির্মাণ করা হচ্ছে সোলাই মার্কেট ও মমতাজ হাসপাতাল। এই হাসপাতালের অপর অংশ কেরানীগঞ্জের বাহেরচরে। দুই অংশের সঙ্গে যোগাযোগের জন্য নির্মাণ করা হয়েছে সেতু। সম্প্রতি তোলা ছবি ।  জিয়া ইসলাম
বুড়িগঙ্গা নদী দখল করে সাভারের ভাকুর্তা এলাকায় নির্মাণ করা হচ্ছে সোলাই মার্কেট ও মমতাজ হাসপাতাল। এই হাসপাতালের অপর অংশ কেরানীগঞ্জের বাহেরচরে। দুই অংশের সঙ্গে যোগাযোগের জন্য নির্মাণ করা হয়েছে সেতু। সম্প্রতি তোলা ছবি । জিয়া ইসলাম

দখল আর ভরাটের কারণে ঢাকার সাভারের লুটেরচর হয়ে ওয়াশপুরের কাছে বসুলা দিয়ে তুরাগ নদের সঙ্গে মিলিত হওয়া বুড়িগঙ্গা নদীর অংশটির বেশির ভাগই এখন মৃত। কিছু কিছু স্থানে খালের রূপ নেওয়া নদীর অংশও দখল করে চলছে স্থাপনা নির্মাণ।
একই অবস্থা বংশী নদীরও। কর্ণপাড়া, নন্দখালী, ঝুক্কিজাঙ্গলসহ কয়েকটি খালের বেশির ভাগই অস্তিত্ব হারিয়েছে।
সাভার উপজেলা ভূমি কার্যালয়, সাভারের ইতিহাস ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, সাভারের দক্ষিণে কলাতিয়ায় ধলেশ্বরী নদী থেকে উৎপন্ন হওয়া বুড়িগঙ্গার এক পাশে সাভারের লুটেরচর, ভাকুর্তা, মোগড়াকান্দা ও চাপড়া এবং অন্য পাশে কেরানীগঞ্জ উপজেলার বড়ইকান্দি, বেউতা, বটতলী, বাহেরচর, কলমারচর, ভাউয়াল ও এমারগাঁও। এমারগাঁওয়ে নদীটি বিভক্ত হয়ে এক অংশ আটিবাজার, খোলামোড়া হয়ে কামরাঙ্গীর চরে মূল বুড়িগঙ্গায় এবং অপর অংশ লুটেরচর, ওয়াশপুর হয়ে বসুলায় গিয়ে তুরাগে মিশেছে। ধলেশ্বরী থেকে উৎপন্ন বুড়িগঙ্গার দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার।

মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্প ঢুকে পড়ছে বংশী নদীর অংশে ।  ছবি: প্রথম আলো
মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্প ঢুকে পড়ছে বংশী নদীর অংশে । ছবি: প্রথম আলো

সরেজমিনে দেখা গেছে, চাপড়া, মোগড়াকান্দা ও ভাকুর্তায় বুড়িগঙ্গা দখল ও ভরাট হচ্ছে বেশি। এ কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ভাকুর্তার পর চুনারচর, লুটেরচর ও ওয়াশপুরে নদী মরে গেছে। এই ছয়টি এলাকায় প্রায় পাঁচ কিলোমিটার-জুড়ে বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ নানা ধরনের অসংখ্য স্থাপনার আংশিক বা সম্পূর্ণ নির্মিত হয়েছে বা হচ্ছে নদীর অংশে। অন্যান্য এলাকায়ও একই অবস্থা। দখলের ভয়াবহ চিত্র চোখে পড়েছে ভাকুর্তার অপর পাড়ের বাহেরচর ও বটতলীতে। এসব স্থাপনার বেশির ভাগই প্রভাবশালীদের। নদীর অংশ হলেও ব্যক্তিমালিকানার জমি দাবি করে প্রতি শতাংশ ছয় থেকে সাত লাখ টাকায় বিক্রি হচ্ছে।
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্র জানায়, বুড়িগঙ্গার এই অংশের বিষয়ে তাদের কাছে তেমন তথ্য নেই। আগের কোনো নকশা বা ক্যাডেস্টাল সার্ভে (সিএস) নেই। ফলে নদীর কতটা দখল বা ভরাট হয়েছে, সে সম্পর্কে তাদের ধারণা নেই। জরিপ করে বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিলে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দখলের চিত্র: ভাকুর্তার সোলাই মার্কেট এলাকায় বুড়িগঙ্গার উত্তর পাশে নদীর অংশে পিলার দিয়ে নির্মাণ করা হয়েছে দোতলা মমতাজ জেনারেল হাসপাতাল। নদীর দক্ষিণ পাশে বাহেরচরে নির্মিত ওই হাসপাতালের অপর অংশের সঙ্গে যোগাযোগের জন্য নদীর ওপর নির্মিত হয়েছে সেতু। হাসপাতালটির নির্মাণকাজের তত্ত্বাবধানে থাকা সোলাই মার্কেট এলাকার ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, রাজধানীর অ্যাপার্টমেন্ট ব্যবসায়ী হাবিবুর রহমান তাঁর স্ত্রীর নামে হাসপাতালটি করছেন।
যোগাযোগ করা হলে হাবিবুর রহমান বলেন, তিনি মোতালেব হোসেন নামের একজনের কাছ থেকে ৩১ শতাংশ জমি কিনে হাসপাতাল করছেন। এসএ ও আরএস পর্চা অনুযায়ী ওই জমির মালিক ছিলেন মোতালেব।
হাসপাতালটির পাশে দেড় শতাংশ জমিতে থাকা ওই ফারুক হোসেনের দোতলা স্থাপনাও নদীর অংশে পিলার দিয়ে নির্মিত। অবশ্য তিনি দাবি করেন, পৈতৃক সূত্রে তিনি ওই জমির মালিক।
সোলাই মার্কেট থেকে ২০০ গজ পশ্চিমের চারতলা ভবনটি ভাকুর্তার আতাউর রহমানের। এই ভবনের বেশির ভাগই নদীর অংশে। আতাউর রহমানের ছেলে ফোয়াদ হাসান বলেন, তাঁর বাবা এসএ ও আরএস পর্চা অনুযায়ী জমির মালিক স্থানীয় দুদু মিয়ার কাছ থেকে ১৯৯৮ সালে ১৩ শতাংশ জমি কিনে গত বছর ভবন নির্মাণ করেন। তিনি বলেন, ৫০ বছরেরও বেশি সময় আগে সেখানে নদী ছিল। কিন্তু পলি জমে নদী ভরাট হয়ে যাওয়ার পর এসএ ও আরএস জরিপের সময় স্থানীয় লোকজনের নামে জমিগুলো রেকর্ড হয়েছে।
চাপড়ায় নদীর অংশে সীমানা দেয়াল তুলছেন আমিনবাজারের আমিনুল ইসলাম। তাঁর দাবি, বছর দুয়েক আগে জনৈক আনোয়ার হোসেনের কাছ থেকে প্রায় তিন শতাংশ জমি কিনে এখন সীমানা দেয়াল তুলছেন। নদীর মধ্যে ব্যক্তিমালিকানার জমি কীভাবে হলো, জানতে চাইলে তিনি বলেন, নদী ভরাট হওয়ার পর তা ব্যক্তির নামে রেকর্ড হয়েছে।

সাভার পৌর এলাকার ভেতর দিয়ে প্রবাহিত কর্ণপাড়া খাল দখল করে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন ।  ছবি: প্রথম আলো
সাভার পৌর এলাকার ভেতর দিয়ে প্রবাহিত কর্ণপাড়া খাল দখল করে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন । ছবি: প্রথম আলো

মোগড়াকান্দার সাইফুল ইসলাম (৭০), ভাকুর্তার ইউনুস মিয়া (৫৫), সলমাশির মুক্তিযোদ্ধা রহমত আলী ও ব্যবসায়ী ওসমান ভান্ডারী বলেন, বুদ্ধি হওয়ার পর থেকে তাঁরা বুড়িগঙ্গার এই অংশে বড় নৌকা ও স্টিমার চলতে দেখেছেন। কিন্তু দখল ও ভরাটের কারণে সেই নদী এখন মৃত। অনেক স্থানে নদী সরু হতে হতে এখন খালে পরিণত হয়েছে। বর্ষায়ও সেখানে পানির প্রবাহ থাকে না।
বুড়িগঙ্গার এই অংশ সম্পর্কে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, হাইকোর্ট রাজধানীর চারপাশের নদীগুলো জরিপ করে সীমানা পিলার দেওয়ার নির্দেশ দিলেও ঢাকা জেলা প্রশাসন বুড়িগঙ্গার এই অংশে জরিপই করেনি। জেলা প্রশাসনের এই নীরবতা দখলদারদের নদী দখলে উৎসাহ দেওয়ার শামিল।
অস্তিত্ব হারাচ্ছে বংশী: সাভারের নয়ারহাট থেকে শহীদ রফিক সেতু পর্যন্ত বংশী নদীর অন্তত ১৫ কিলোমিটারজুড়ে দুই তীরে নদীর জায়গা দখল চলছে। সাভার পৌর শহর ও নয়ারহাট বাজারের কাছে দখলের প্রবণতা সবচেয়ে বেশি। পৌর এলাকার নামাবাজারে নদীর অংশ দখল করে গড়ে উঠেছে অসংখ্য পাকা, আধা পাকা বাড়িঘর, স্থাপনা। আরও স্থাপনা তৈরির জন্য তীর ভরাট করতে ফেলা হচ্ছে বালু ও ইট। এসব স্থাপনা করেছেন বা করছেন সরকারি দলের স্থানীয় নেতাসহ প্রভাবশালী ব্যক্তিরা। দখলের পাশাপাশি দূষণের কারণে বংশী নদী অস্তিত্ব হারাচ্ছে। নদীর অংশে তৈরি স্থাপনা ও জমির দখল হস্তান্তর চলছে দলিল ছাড়াই।
নদীর অংশে থাকা স্থাপনা কিনেছেন, এমন কয়েকজন ব্যবসায়ী জানান, তাঁরা আগের দখলদারদের কাছ থেকে কিনেছেন। তবে কাগজপত্র থাকার কথা বললেও দলিল দেখাতে চাননি।
সাভার থানাসংলগ্ন নদীর পশ্চিম তীর ঘেঁষে প্রায় পাঁচ একর সরকারি খাসজমির ওপর গড়ে তোলা হয়েছে মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্প। কিন্তু নদীর অংশে পিলার দিয়ে এলাকা বাড়ানো হচ্ছে। ওই প্রকল্পে সাভারের আওয়ামী লীগদলীয় সাবেক সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ, স্থানীয় আওয়ামী লীগের নেতা ও প্রভাবশালীদের প্লট রয়েছে।
প্রকল্পের অনুমোদন ও নদী দখলের বিষয়ে জানতে চাইলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আইন উদ্দিন আহাম্মেদ কোনো মন্তব্য করেননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. লিয়াকত আলী বলেন, ওই আবাসন প্রকল্পের জন্য কোনো অনুমোদন নেওয়া হয়নি। নদী দখলের বিষয়টি জরিপ করে দেখা হবে।
নয়ারহাট বাজারের পেছনে বংশী নদীর পূর্ব তীর ভরাট করে নির্মিত হচ্ছে রাস্তা। রাস্তা ও তীরের মাঝখানে চলছে আধা পাকা দোকান নির্মাণ। গত মঙ্গলবার স্থানীয় সাংসদ এনামুর রহমান রাস্তাটি উদ্বোধন করেন। নদীর দুই তীরেই বালুর ব্যবসা চলছে। নদীর তীরে বালুর স্তূপ। বালু পড়ে ছোট হচ্ছে নদী।
উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মোশারেফ হোসেন বলেন, নদী দখল করে রাস্তা ও দোকান নির্মাণের খবর পেয়ে বাধা দেওয়া হয়েছিল। কিন্তু দখলদারেরা প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
রাজফুলবাড়িয়ায় একটি পোশাক কারখানার একাংশ নদীর জায়গা বলে নিশ্চিত করেছেন স্থানীয় ভূমি কার্যালয়ের কর্মকর্তারা। তবে ওই কারখানায় প্রবেশের অনুমতি না পাওয়ায় কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
প্রায় মৃত কর্ণপাড়া খাল: বংশী নদী থেকে উৎপত্তি হওয়া একসময়ের খরস্রোতা কর্ণপাড়া খাল এখন প্রায় মৃত। উপজেলা পরিষদ চত্বর থেকে এই খালের দূরত্ব মাত্র এক কিলোমিটার। শিল্পকারখানা ও বহুতল ভবনের অংশ ঢুকে পড়েছে খালের মধ্যে। ঢাকা-আরিচা মহাসড়কের কর্ণপাড়া সেতুর পশ্চিম পাশে নির্মাণাধীন বহুতল ভবন এর একটি। স্থানীয় লোকজন জানান, ভবনটি নির্মাণ করছেন সাভার পৌরসভার রাজাবাড়ীর সাগর চৌধুরী। অবশ্য সাগর চৌধুরী নিজের কেনা ৯ শতাংশ জমিতেই ভবন নির্মাণ চলছে বলে দাবি করেন। তিনি বলেন, এসএ ও আরএস পর্চা অনুযায়ী ওই জমির মালিক রাম প্রসাদের কাছ থেকে তিনি জমিটি কিনেছেন।
ওই ভবনের পাশে নির্মাণাধীন মাদ্রাসার একাংশও খালের জমিতে বলে স্থানীয় লোকজন জানান। এ দুটির নির্মাণকাজ শুরু হয় মাস তিনেক আগে।
সাভার পৌরসভা সূত্র জানায়, খালের ওই অংশে আবর্জনা ফেলে ভরাট করার দায়ে পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করে খাল থেকে আবর্জনা অপসারণের নির্দেশ দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। এরপর সেখানে আবর্জনা ফেলা বন্ধ হলেও ইতিমধ্যে ভরাট অংশ থেকে আবর্জনা অপসারণ করা হয়নি।
উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার সাইফুদ্দিন আহাম্মেদ বলেন, খাল দখল করে ভবন ও মাদ্রাসা নির্মাণের বিষয়টি জানার পর সরেজমিনে গিয়ে বাধা দেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) মো. লিয়াকত আলী নদী ও খাল দখলের বিষয়ে বলেন, সরেজমিনে জরিপ করার পর অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হবে।