সাভারে বেদেপল্লিতে মাদকবিরোধী সমাবেশ
রাজধানীর উপকণ্ঠ সাভারের পোড়াবাড়ী এলাকার বেদেপল্লিতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল সোমবার দুপুরে মাদকবিরোধী সমাবেশ করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম, সহকারী পুলিশ সুপার রাসেল শেখ, শফিকুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম, সাভার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান, সমাজসেবক সালাউদ্দিন খান ও প্রকৌশলী সোহরাব উদ্দিন খান।
কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, বেদেপল্লি সাভারের সবচেয়ে অনগ্রসর এলাকা। এখানকার বাসিন্দারা নানা সমস্যায় জর্জরিত। এর পরও পৌরসভা থেকে এই এলাকার উন্নয়নে বিশেষ কোনো কর্যক্রম হাতে নেওয়া হয়নি। সম্প্রতি পুলিশ সুপারের অনুরোধে এই এলাকার উন্নয়নের জন্য ৪২ লাখ টাকার একাধিক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। সোহরাব উদ্দিন খান বলেন, লাভ আর লোভের কারণে এখানকার অনেক লোক মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন।
সমাজসেবক সালাউদ্দিন খান বলেন, পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের কোমর ভেঙে দিতে পারত। কিন্তু তা না করে ভালোবাসা দিয়ে এই এলাকাকে চিরতরে মাদকমুক্ত করার উদ্যোগ নিয়েছে। এই সুযোগ লুফে নেওয়া উচিত। অন্যথায় বিপর্যয় নেমে আসবে।
পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, বেদে সম্প্রদায়ের লোকজন আগে বিনোদনের মাধ্যমে উপার্জন করত। এখন অনেকে পেশা বদল করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। তাদের অন্ধকার থেকে আলোর পথে আসার সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগ নিলে সবার জন্যই মঙ্গল হবে।
এসপি মাদক ব্যবসায়ীসহ ওই সম্প্রদায়ের ১১ জন তরুণকে আগামী এক সপ্তাহের মধ্যে বিভিন্ন কারখানায় চাকরি দেওয়ার ঘোষণা দেন। পর্যায়ক্রমে অন্যদেরও পুনর্বাসন করা হবে বলে জানান। এ ছাড়া বেদে সম্প্রদায়ের ছেলেমেয়েদের বিভিন্ন স্কুলে বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ করে দেওয়ার কথা বলেন। এর আগে ২২ জন মাদক ব্যবসায়ী তাঁর কাছে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন।