সাভারে বোমা বিস্ফোরণে তিন স্কুলছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের সাধাপুরে গতকাল বুধবার ককটেল বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এক স্কুলছাত্রসহ ছয়জনকে আটক করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে।আহত ব্যক্তিরা হলো—সাধাপুর পশ্চিমপাড়া গ্রামের সুশীল দাসের ছেলে নয়ন দাস (৬), মজিবর রহমানের ছেলে নাজমুল (৬) ও সোহরাব মিয়ার ছেলে আল ইসলাম (৬)। তারা সবাই সাধাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।সাভার থানা পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দরিদ্র পরিবারের সন্তান ও সাধাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সুজন কাগজ কুড়ানোর সময় গত ২৫ ফেব্রুয়ারি সাভারের মেসার্স অপু বোর্ড মিলের সামনে থেকে লাল টেপে মোড়ানো সাতটি ককটেল পায়। কুড়ানো কাগজের সঙ্গে ককটেলগুলোও সে বাসায় নিয়ে যায়। সুজনের মা গতকাল সকালে ককটেলগুলো দেখতে পেয়ে ছেলেকে তা ফেলে দিতে বলেন। মার কথামতো সুজন সকালে ককটেলগুলো সাধাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে ফেলে দেয়। বেলা ১১টার দিকে মাঠে খেলতে গিয়ে নয়ন, নাজমুল ও আল ইসলাম ককটেলগুলো কুড়িয়ে পায়। এরপর তারা কুড়িয়ে পাওয়া ককটেল দিয়ে খেলা করার সময় একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণে নয়নের ডান হাতের সব আঙুল উড়ে যায়। আর নাজমুল পায়ে ও আল ইসলাম মাথায় আঘাত পায়। এ সময় স্থানীয় লোকজন নাজমুল ও আল ইসলামকে দীপ ক্লিনিকে ভর্তি করান। গুরুতর আহত অবস্থায় নয়নকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিকেলে অস্ত্রোপচার করে নয়নের ডান হাতের কবজি কেটে ফেলা হয়।ককটেলগুলোর উৎস জানার জন্য পুলিশ গতকাল বিকেলে স্কুলছাত্র সুজনসহ অপু বোর্ড মিলের কর্মচারী রহমান (৬০), জাহাঙ্গীর (৩৫), নয়ন (৩৫), বাছেদ (৬০) ও রহমানকে (৩০) আটক করেছে।পুলিশ হেফাজতে সুজন জানায়, মার নির্দেশে সে ককটেলগুলো স্কুলের মাঠে রেখে আসে। এগুলো যে বিপজ্জনক তা সে ও তার মা বুঝতে পারেননি।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে। বিষয়টি নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।