সাভারে ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়ে লুটপাট
ঢাকার সাভার পৌরসভা বাজার সড়কে গত মঙ্গলবার দিবাগত রাতে ছয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়ে তাতে লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী। পরে ওই জায়গা দখলের চেষ্টা চালায় সন্ত্রাসীরা। পরে বাজার ব্যবসায়ী সমিতি ও পুলিশ ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়।
সাভার মডেল থানার পুলিশ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজার সড়কের আমিন টাওয়ারের সামনে সাড়ে তিন শতাংশ জমির মালিক আবদুল কুদ্দুস, নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন, ইউসুফ ও জমির উদ্দিন। তাঁরা ওই জমিতে পৃথকভাবে আধা পাকা ও পাকা ভবন নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দেন। এসব ভবনে আলমারি, লেপ-তোশক, মোটরসাইকেলসহ ছয়টি দোকান ছিল। দুই যুগেরও বেশি সময় ব্যবসায়ীরা সেখানে ব্যবসা করে আসছিলেন। মঙ্গলবার রাতে ওই সব দোকান গুঁড়িয়ে দিয়ে লুটপাটের পর দখলের চেষ্টা চালানো হয়।
গিয়াস উদ্দিন জানান, তাঁদের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর পেছনে রুহুল আমিন নামে এক জমি ব্যবসায়ী বহুতল বিপণিবিতান নির্মাণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে তাঁদের জমিটুকু তাঁর কাছে বিক্রির প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় জোর করে ওই জমি দখলের চেষ্টা চালানো হয়।
বাজার সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমানসহ জমির মালিকেরা অভিযোগ করেন, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে রুহুল আমিনের নির্দেশে প্রদীপ মালাকার নামে যুবলীগের এক নেতা প্রায় ৪০ জন সন্ত্রাসী নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে মালামাল ও নগদ তিন লাখ টাকা লুট করে।
এ ঘটনায় গতকাল বুধবার নজরুল ইসলাম নামে এক জমির মালিক রুহুল আমিনসহ ৫০ জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেছেন। তবে প্রদীপ মালাকার অভিযোগ অস্বীকার করেছেন।
রুহুল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর খোঁজ পাওয়া যায়নি।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।