সাভারে ব্যবসায়ী অপহরণের ১০ ঘণ্টা পর উদ্ধার, গ্রেপ্তার ৫
ঢাকার সাভার থেকে আবদুল কুদ্দুস (৩২) নামের এক ব্যবসায়ী অপহূত হওয়ার ১০ ঘণ্টা পর পুলিশ তাঁকে উদ্ধার করেছে। সেই সঙ্গে পুলিশ পাঁচ অপহরণকারীকেও গ্রেপ্তার করেছে। গত রোববার বেলা ১১টার দিকে সাভার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে থেকে তাঁকে অপহরণ করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ব্যবসায়ী আবদুল কুদ্দুসের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাঠুরি গ্রামে। তিনি নারায়ণগঞ্জে ব্যবসা করেন। বাড়ি বেড়াতে এসে ফেরার পথে ব্যবসায়িক কারণে সাভারে নেমে তিনি আরেক ব্যবসায়ীর জন্য সেখানে অপেক্ষা করছিলেন। সাভার থানার পুলিশ ও ব্যবসায়ীর পরিবার জানায়, অপহরণকারীরা মুঠোফোনে কুদ্দুসের শ্যালক অপুর কাছে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। অপু বিষয়টি সাভার থানার পুলিশকে জানান। সাদা পোশাকে একদল পুলিশ মুক্তিপণ দেওয়ার টোপে ফেলে রোববার রাত নয়টার দিকে সাভার পৌরসভার আড়াপাড়া এলাকা থেকে সাখাওয়াত হোসেন (২৪), স্বপন (১৮), পিয়াস (১৮) ও নাজমুল ইসলাম (২৪) নামের চারজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পৌরসভার বিনোদবাইদ এলাকার মঞ্জুর হোসেনের (৪৮) বাসায় অভিযান চালিয়ে ব্যবসায়ী কুদ্দুসকে উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঞ্জুরকেও গ্রেপ্তার করে। মঞ্জুর ছাড়া বাকি চারজনের বাড়ি পৌরসভার সবুজবাগ এলাকায়। তাদের মধ্যে স্বপন স্থানীয় আওয়ামী লীগের নেতা সারোয়ার হোসেনের ছেলে। ব্যবসায়ী কুদ্দুস জানান, সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অপহরণকারীরা অস্ত্রের মুখে তাঁকে নিয়ে বিভিন্ন বাসায় রেখে মারধর করেন। এরপর তাঁকে মুক্তি দেওয়ার শর্তে তাঁর পরিবারের কাছে ৬০ হাজার টাকা দাবি করা হয়। রোববার রাতেই তিনি বাদী হয়ে সাভার থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) কাইসার মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুদ্দুসকে অপহরণ করার পর মঞ্জুরের বাসাসহ বিভিন্ন বাসায় রেখে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করছিলেন। পরে মুক্তিপণ দেওয়ার টোপ ফেলে তাঁদের গ্রেপ্তার ও ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।