সাভারে ব্যবসায়ী খুন
ঢাকার সাভারে গতকাল মঙ্গলবার সকালে এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় সাভার থানায় হত্যা মামলা হয়েছে। সাভার থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সাভার পৌর এলাকার পোড়াবাড়ী মাঝিপাড়ার বাসিন্দা মাছ ব্যবসায়ী ঠাকুর দাস রাজবংশী (৫৫) দোকানে যাওয়ার উদ্দেশ্যে গতকাল সকাল ১০টার দিকে বাসা থেকে বের হন। বাসা থেকে ৫০০ গজ দূরে বখতারপুর তিন রাস্তার মোড়ে পৌঁছালে চার যুবক তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে চাপাতি ও ছুরি দিয়ে আঘাত করে দ্রুত সটকে পড়ে। মুমূর্ষু অবস্থায় তাঁকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে নিহত ঠাকুর দাসের স্ত্রী চন্দ্রমতী রাজবংশী বাদী হয়ে গতকাল সাভার থানায় হত্যা মামলা করেছেন। চন্দ্রমতী জানান, তাঁর স্বামী সাভার বাসস্ট্যান্ড এলাকার চৌরঙ্গী মার্কেটে মাছের ব্যবসা করতেন। তাঁর দুই ছেলে পান্নু ও ননি গোপাল রাজবংশীও বাবার সঙ্গে ব্যবসা করত। বছর দুয়েক আগে একই গ্রামের উদ্ভব রাজবংশীর ছেলে নৈদা রাজবংশীর (২৫) সংস্পর্শে গিয়ে বড় ছেলে পান্নু নেশায় আসক্ত হয়ে পড়ে। বছর দেড়েক আগে নৈদা তাঁর ছেলে পান্নুকে নিয়ে প্রতিবেশী কেদার রাজবংশীর বাড়িতে হামলা চালিয়ে কেদারের ছেলে হরি গোপাল রাজবংশীকে ছুরিকাঘাত করে। এ নিয়ে এলাকায় সালিস বসে তাঁর ছেলেকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার ২০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা না দেওয়ায় কেদার রাজবংশী ও তাঁর আত্মীয়স্বজনসহ কয়েকটি পরিবারের সঙ্গে তাঁদের শত্রুতার সৃষ্টি হয়। ওই শত্রুতার জের ধরে কেদার রাজবংশী ও তাঁর ভাই হাজারী রাজবংশীসহ আরও কয়েকটি পরিবারের সদস্য তাঁদের নানাভাবে হয়রানি করে আসছিলেন। এসব নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তিনি সাভার থানায় একাধিক ডায়েরিও করেছেন। চন্দ্রমতী আরও জানান, দিন তিনেক আগে হরি গোপালের চাচাতো ভাই প্রাণ গোপাল রাজবংশী আগের শত্রুতার জের ধরে তাঁর স্বামী ঠাকুর দাসকে জরিমানার বকেয়া টাকার জন্য চাপ দেন। টাকা না দিলে তাঁদের পরিবারকে এলাকাছাড়া করবেন বলেও হুমকি দেন। এর দুই দিন পরই তাঁর স্বামী খুন হলেন। ঘটনাস্থলের সামান্য দূরে উপস্থিত আবদুল মান্নান নামের এক ব্যবসায়ী জানান, ঘটনার সময় ঠাকুর দাসের চিৎকার শুনে তিনি ২৫ থেকে ৩০ বছর বয়সের চার যুবককে চাপাতি ও ছুরি হাতে দৌড়ে পালাতে দেখেছেন। আশুলিয়ায় যুবক খুন: আশুলিয়া থানার পুলিশ জানায়, আশুলিয়ার মধুরটেক এলাকায় সোমবার রাতে সারোয়ার হোসেন (১৭) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে গতকাল ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সারোয়ার হোসেন ঢাকার ধামরাইয়ের ভাতকুড়া গ্রামের আজমত আলীর ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালাত।