সাভারে ব্যবসায়ী নিখোঁজ, মামলা নিতে গড়িমসির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার পৌর এলাকার কাঞ্চনপুর মহল্লার নিখোঁজ ব্যবসায়ী মুখলেছুর রহমানের (৪৫) পরিবারের অভিযোগ গতকাল মঙ্গলবার পর্যন্ত মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ। মুখলেছকে উদ্ধারেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
মুখলেছের স্ত্রী পারভীন বেগম বলেন, সাত মাস আগে তাঁর স্বামী পাশের জামসিং এলাকার আবদুল আজিজের কাছে ৫ শতাংশ জমি বিক্রির উদ্দেশ্যে পাঁচ লাখ টাকা বায়না নেন। এরপর বাকি টাকা পরিশোধ করতে তালবাহানা শুরু করেন আজিজ। একপর্যায়ে মুখলেছের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেন আজিজ। গত শনিবার রাতে আজিজ মুখলেছের মুঠোফোনে ফোন করে মামলাটি মীমাংসা করার জন্য সোহেল নামের এক ব্যক্তির সঙ্গে তাঁকে (মুখলেছ) আদালতে যাওয়ার পরামর্শ দেন। আজিজের কথামতো মুখলেছ আদালতে যাওয়ার জন্য রোববার সকাল ১০টার দিকে বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাসায় ফেরেননি।
পারভীন বেগম অভিযোগ করেন, নিখোঁজ হওয়ার দিন রাতে তিনি সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু পুলিশ তাঁর অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করেনি। সোমবার রাতে তিনি পুনরায় অভিযোগ দিলেও গতকাল পর্যন্ত পুলিশ তা মামলা হিসেবে নেয়নি।
থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, থানা থেকে পারভীন বেগমের অভিযোগটি তাঁকে তদন্ত করে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘তদন্তের দায়িত্ব পেয়ে আমি উভয় পক্ষকে গতকাল থানায় তলব করেছিলাম। তাঁরা থানায় উপস্থিত হলেও আমার সঙ্গে দেখা হওয়ার আগেই আজিজ গা ঢাকা দেন। এর পর থেকে আজিজের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে।’