ঢাকার সাভারের বাইপাইল এলাকায় গত বুধবার দুর্বৃত্তদের হামলায় একজন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। ব্যবসায়ীর পরিবারের দাবি, তাঁর কাছ থেকে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে অভিযোগ করা হয়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেও পরে ছেড়ে দেয় আশুলিয়া থানার পুলিশ।আহত ব্যবসায়ী নজরুল ইসলামের স্ত্রী জিয়াসমিন বেগম বলেন, বুধবার সন্ধ্যার দিকে জমির বায়না করতে তাঁর স্বামী চার লাখ টাকা নিয়ে গাজীপুরের লস্করচালা এলাকায় চালকসহ ব্যক্তিগত গাড়ি নিয়ে যান। জমি খাস হওয়ায় বায়না না করে তিনি আশুলিয়া থানাসংলগ্ন নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরছিলেন। রাত পৌনে ১০টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে তিনি গাড়ি থেকে নামার পর অপর একটি গাড়িতে করে চার সন্ত্রাসী এসে তাঁর স্বামীর মাথায় রড দিয়ে আঘাত করে চার লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দুই ছিনতাইকারীসহ গাড়িটি আটক করে থানায় নিয়ে যান। আহত নজরুলকে রাতেই একটি ক্লিনিকে ভর্তি করা হয়।নাম না প্রকাশ করার শর্তে ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় একজন চা-বিক্রেতা বলেন, নজরুল ইসলাম গাড়ি থেকে নামার পর অপর একটি গাড়ি থেকে চার যুবক নেমেই তাঁর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এ সময় নজরুল চিত্কার করে ছিনতাইয়ের কথা বলতে থাকেন। তাঁর চিত্কারে পুলিশ সেখানে যাওয়ার পর দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। অপর দুজনকে পুলিশ আটক করে গাড়িটিসহ থানায় নিয়ে যায়।বুধবার রাত ১২টার দিকে যোগাযোগ করা হলে এসআই সাইফুল বলেন, একটি ব্যক্তিগত গাড়িসহ ওমর ফারুক ও রঞ্জন নামের দুজনকে আটক করা হয়েছে। গাড়িটির মালিক সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল গণির ছোট ছেলে মেহেদি হাসান। আটক ওমর ফারুক ওই গাড়ির চালক। গাড়িসহ তাদের আটক করার কারণ জানতে চাইলে এসআই সাইফুল বলেন, ‘পাঁচ মিনিট পর যোগাযোগ করেন, তখন বলব।’ পাঁচ মিনিট পর একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।গতকাল সকালে মোবাইল ফোনে আবার যোগাযোগ করা হলে এসআই সাইফুল বলেন, প্রতিযোগিতা করে গাড়ি চালাতে গিয়ে উভয় গাড়ির চালকদের সঙ্গে মারপিট শুরু হয়। সেখানে নজরুল ইসলাম এগিয়ে গেলে মাথায় আঘাত পান। ওই ঘটনায় মেহেদি হাসানের গাড়ির চালক ফারুক ও রঞ্জন নামের দুজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। নজরুল ইসলাম বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করায় গতকাল সকালে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার সময় বা পরে কোনো গাড়ি আটক করা হয়নি।গতকাল দুপুরে যোগাযোগ করা হলে জিয়াসমিন বেগম বলেন, রাজনৈতিক চাপ ও স্বামীর অসুস্থতাজনিত কারণে থানায় মামলা করা সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, ‘রাজনৈতিক প্রভাবে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে। এতে আমাদের সম্মতি ছিল না।’অভিযোগ অস্বীকার করে ভাইস চেয়ারম্যান আবদুল গণির বড় ছেলে ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হাসান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে উভয় গাড়ির চালকদের মধ্যে মারামারির সময় নজরুল ইসলাম এগিয়ে গিয়ে মাথায় আঘাত পান। তাঁর দাবি, টাকা ছিনতাইয়ের অভিযোগ মিথ্যা। গাড়িটি তাঁর ভাইয়ের ও ওমর ফারুক ওই গাড়ির চালক বলেও তিনি নিশ্চিত করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, টাকা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। দুই গাড়ির চালকদের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে নজরুল ইসলাম আঘাত পান। ওই ঘটনায় দুজনকে আটক করা হলেও উভয় পক্ষের সম্মতিতে তাদের ছেড়ে দেওয়া হয়। এতে কারও কোনো প্রভাব ছিল না।