সাভারে ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশের (ডিবি) পোশাক পরে গত মঙ্গলবার রাতে ঢাকার সাভারের বলিয়ারপুর এলাকা থেকে তিলক বল নামের এক মাছ ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ওই ব্যবসায়ীর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার সাতপা গ্রামে। তিলক জানান, রাজধানীর কারওয়ান বাজারে মাছ বিক্রি করে তিনি মাছের ট্রাকে করে গোপালগঞ্জ ফিরছিলেন। রাত ১১টার দিকে ট্রাকটি সাভারের সালেপুর সেতু পার হওয়ার পর একটি মাইক্রোবাস তাঁদের গতিরোধ করে। এরপর ডিবির পোশাক পরা ছয় ব্যক্তি মাইক্রোবাস থেকে নেমে চোখ-মুখ ও হাত বেঁধে টাকাসহ তাঁকে ওই মাইক্রোবাসে তুলে নেয়। রাতভর ঘুরিয়ে ভোরের দিকে সাভার বাসস্ট্যান্ডের অদূরে রেডিও কলোনি এলাকায় ফেলে রেখে যায় তারা। ট্রাকচালক গনি মোল্লা বলেন, সন্ত্রাসীদের সবার কোমরেই খাপে মোড়ানো পিস্তল আর হাতে ছিল ওয়াকিটকি। তিলক গতকাল সাভার থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ পাওয়ার পর সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাজ্জাদ রোমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর টাকা উদ্ধারসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।