সাভারে ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের সালেপুর সেতু থেকে গতকাল মঙ্গলবার বিকেলে এক ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাভার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, সাভারের জেরিন এন্টারপ্রাইজের মালিক ব্যবসায়ী জামিল আহামেদ গতকাল বিকেলে ইসলামী ব্যাংকের আমিনবাজার শাখা থেকে পাঁচ লাখ টাকা তোলেন। পরে ব্যক্তিগত গাড়িতে করে সাভারের তুরাগে প্রকল্প এলাকার দিকে রওনা দেন। সালেপুর সেতুর ওপর উঠলে পেছন থেকে মোটরসাইকেলে করে এসে তিনজন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। এরপর গাড়ির সামনের গ্লাসে লাঠি দিয়ে সজোরে আঘাত করলে জামিল গাড়ি থেকে নেমে এর কারণ জানতে চান। এ সময় দুই দুর্বৃত্ত পিস্তল ঠেকিয়ে তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে গতকাল সাভার থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।সাভার থানার এএসআই তাহমিনা বেগম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।